ডেভন কনওয়ে, হেনরি নিকলস ও রাচিন রবীন্দ্রের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে তারা প্রথম ইনিংসে ৪৭৬ রানে এগিয়ে। স্বাগতিকরা ১২৫ রানে অলআউট হয়।
৩ উইকেটে ৬০১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। খুব তাড়াতাড়ি ইনিংস ঘোষণা করার ইঙ্গিতও মিলছে না। শ্রান্তক্লান্ত জিম্বাবুয়ের বিপক্ষে ফ্লাট উইকেটে আরও রান তোলার লক্ষ্য তাদের।
কনওয়ে ২০০০ টেস্ট রানের মাইলফলকে পৌঁছেছেন। আড়াই বছর ও ৩২ ইনিংস পর পেলেন প্রথম ও নিজের পঞ্চম শতকের দেখা। নিকলস করেছেন দশম টেস্ট সেঞ্চুরি। রাচিনের এটি তৃতীয় সেঞ্চুরি এবং নিজের দ্রুততম, ১০৪ বলে।
জিম্বাবুয়ের তিন বোলার দিয়েছেন ৩ অঙ্কের ঘরে রান। ব্লেসিং মুজারাবানি, ট্রেভর গোয়ান্ডু ও ভিনসেন্ট মাসেকেসা একশর বেশি রান হজম করেছেন। উইকেট পেতে জিম্বাবুয়ে সাত বোলারকে ব্যবহার করলেও এই তিনজনই কেবল স্বীকৃত বোলার। শুক্রবার ৯১ ওভারসহ মোট ১৩০ ওভার বল করে কেবল তিন উইকেট নিতে পেরেছে স্বাগতিকরা।
দ্বিতীয় সকালে ১ উইকেটে ১৭৪ রানে খেলা শুরু করে নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের চেয়ে ৪৯ রানে এগিয়ে ছিল তারা। নাইটওয়াচার জ্যাকব ডাফিকে (৩৬) ফেরান মাসেকেসা। তারপর নিকলস ও কনওয়ের ১১০ রানের জুটি।
কনওয়ে ২৪৫ বলে ১৮ চারে ১৫৩ রানে মুজারাবানির শিকার হন। তারপর নিকলস ও রাচিন সারাদিন পার করে দেন। শেষ দিকে তারা ছিলেন আগ্রাসী। শেষ ১১ ওভারে দুজনে মিলে ৮৮ রান তোলেন। দুজনেই দেড়শ পার করেন। তাতে টেস্ট ইতিহাসে তৃতীয়বার তিন ব্যাটারের এক ইনিংসে দেড়শ ছাড়ানোর ঘটনা ঘটে।
নিকলস ১৫০ রানে ও রাচিন ১৬৫ রানে অপরাজিত ছিলেন। তাদের হার না মানা জুটি ২৫৬ রান তুলে দিন শেষ করে।









