গত বছর ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর টি-টোয়েন্টিতে ওপেনিং জুটি গুছিয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া। কখনও ম্যাট শর্ট, আবার কোনও সময় গ্লেন ম্যাক্সওয়েল ও জ্যাক ফ্রেসার-ম্যাকগুর্ককে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে। তবে বিশ্বকাপ মাথায় রেখে ওপেনিংয়ে থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। নিজেদের ওপেনিং জুটি চূড়ান্ত করার কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ক মিচেল মার্শ।
রবিবার ডারউইনে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে প্রথমবার ট্রাভিস হেডের সঙ্গে জুটি গড়বেন মার্শ। এই জুটিতেই আগামী ফেব্রুয়ারির বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়ার কথা বললেন তিনি।
মার্শ বললেন, ‘অদূর ভবিষ্যতে আমি ও হেডি ওপেনিং করবো। আমরা একসঙ্গে অনেক খেলেছি, আমাদের মধ্যে সম্পর্ক দারুণ। তাই (আমরা) শুরুটা করবো।’
আগামীকাল রবিবারের ম্যাচ দিয়ে ১৭ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ার উত্তরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। টিকিটও বিক্রি হয়েছে চোখের পলকে। সম্প্রতি তারা ওয়েস্ট ইন্ডিজের মাঠে ৫-০ তে জিতেছে। এবার দক্ষিণ আফ্রিকা বধের মিশন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও হবে।









