অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বোলিং বিভাগে শক্তি বাড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা টিনএজ পেসার কিউনা মাফাকাকে দলে যোগ করেছে।
অজিদের বিপক্ষে শুরুতে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন মাফাকা। ওই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ১৭ সদস্যের ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। বামহাতি পেসার টি-টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন। নিয়েছেন ৯ উইকেট।
এখন পর্যন্ত দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২৪.৪০ গড়ে নিয়েছেন ৫ উইকেট। গত ডিসেম্বরে কেপ টাউনে পাকিস্তানের বিপক্ষে তার অভিষেক হয়েছে। সেই ম্যাচে ৭২ রানে নিয়েছেন ৪ উইকেট।
আসন্ন ওয়ানডে সিরিজ শুরু হবে মঙ্গলবার। তাতে ইন ফর্ম ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের অভিষেকের সম্ভাবনা রয়েছে। তার ইঙ্গিত দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা, ‘তরুণদের দেখতে পাওয়ার বিষয়টা সব সময় রোমাঞ্চকর। এখন ব্রেভিসকে নিয়ে অনেক বড় আলোচনা চলছে। আমি উন্মুখ হয়ে আছি ওয়ানডেতে সে কী করতে পারে সেটা দেখার জন্য।’









