এশিয়া কাপের আগে নিজেদের প্রস্তুতিটা দাপটের সঙ্গেই শেষ করেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানকে একপেশে ম্যাচে ৭৫ রানে হারিয়েছে তারা। শুধু কি তাই? শুরুতে ৮ উইকেটে ১৪১ রানের পর আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়ে রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছে এই সিরিজ! যার পেছনে অবদান পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজের। হ্যাটট্রিকের সঙ্গে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতেও ২৫ রান করে মাচসেরা হয়েছেন। পাশাপাশি ১২০ রান ও ১০ উইকেট শিকার করে সিরিজসেরাও নওয়াজ।
চলুন সংখ্যার আলোকে ম্যাচটির দিকে ফিরে তাকানো যাক-
৬৬ – ফাইনালে আফগানিস্তানের ৬৬ রান পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে কোনও টুর্নামেন্টের ফাইনালে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগের রেকর্ডটি ছিল নরওয়ের ৬৯ (জার্সির বিপক্ষে ২০২৪ সাব-রিজিওনাল ইউরোপিয়ান কোয়ালিফায়ারের গ্রুপ বি ফাইনালে)। পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে ফাইনালে এর চেয়েও কম দলীয় সংগ্রহ হয়েছে মাত্র তিনবার।
২ – আফগানিস্তানের ৬৬ রান তাদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর চেয়ে কম রান তারা করেছে কেবল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (৫৬ রানে অলআউট)।
৫/১৯ – মোহাম্মদ নওয়াজ পুরুষদের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার। এর আগে পাপুয়া নিউ গিনির নরম্যান ভানুয়া ভানুয়াতুর বিপক্ষে ২০১৯ সালে প্যাসিফিক গেমস ফাইনালে ১৭ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন।
নওয়াজ টি-টোয়েন্টি ইতিহাসে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া মাত্র তৃতীয় বোলার। এর আগে ভুবনেশ্বর কুমার ২০২২ সালের এশিয়া কাপে ও স্যাম কারান ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সাফল্য পান।
৩ – পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা তৃতীয় বোলার মোহাম্মদ নওয়াজ। তালিকায় আছেন ফাহিম আশরাফ (শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে), মোহাম্মদ হাসনাইন (শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৯ সালে)।
নওয়াজ পুরুষদের টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে হ্যাটট্রিক করা মাত্র তৃতীয় বোলার। এর আগে উগান্ডার এলিজাহ ওটিয়েনো (কেনিয়ার বিপক্ষে ২০২১ সালে) ও বেলজিয়ামের খালিদ আহমাদি (মাল্টার বিপক্ষে ২০২২ সালে) এই কৃতিত্ব অর্জন করেন।
১৫ – শারজার ফাইনালে স্পিনাররা মোট ১৫টি উইকেট নিয়েছেন, যা পুরুষদের টি-টোয়েন্টি ম্যাচে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ।
এর মধ্যে পাকিস্তানি স্পিনাররা নিয়েছেন ৯ উইকেট, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসে যৌথ সর্বোচ্চ। তারা ২০২৩ এশিয়ান গেমসে হংকংয়ের বিপক্ষেও ৯ উইকেট নিয়েছিল।
২০ – শাহীন শাহ আফ্রিদি পুরুষদের টি-টোয়েন্টি ইনিংসের প্রথম ওভারে এখন পর্যন্ত ২০টি উইকেট নিয়েছেন। এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল ওমানের বিলাল খান (২২টি)।
৭-০ – ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করা দল। এটি একটি রেকর্ড, কারণ পুরুষদের টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে এতগুলো ম্যাচে সবগুলোই জিতেছে প্রথমে ব্যাট করা দল, যা সর্বাধিক।








