শারজায় প্রথম টি-টোয়েন্টি জিতেই ইতিহাস গড়েছিল নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়ে ৯০ রানের বিশাল জয়ে ২-০ ব্যবধানে নিশ্চিত করেছে সিরিজ। তাতে টেস্ট খেলুড়ে কোনও দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়েছে হিমালয় কন্যার দেশ। সেটিও আবার এক ম্যাচ হাতে রেখে।
২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে নেপাল। হাফসেঞ্চুরি করেন ওপেনার আসিফ শেখ ও সুন্দীপ জোরা। এরপর বল হাতে ১৭.১ ওভারে ক্যারিবীয়দের উড়িয়ে দেয় আইসিসি র্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে থাকা দলটি। মোহাম্মদ আদিল আলম ২৪ রানে নেন ৪ উইকেট, আর লেগস্পিনার কুশল ভুর্তেল মাত্র ২.১ ওভারে ১৬ রানে তুলে নেন ৩ উইকেট।
এই জয়ে নতুন রেকর্ড গড়েছে নেপাল। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে কোনও সহযোগী সদস্য দেশের এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। অন্যদিকে ৮৩ রানটা সহযোগী সদস্য দেশের বিপক্ষে পূর্ণ সদস্য কোনও দলের সর্বনিম্ন সংগ্রহের নজির।
নেপালের ইনিংস গড়ে ওঠে চতুর্থ উইকেটে। যোগ হয় ১০০ রান। আসিফ শেখ অপরাজিত ৬৮ রানে ইনিংস শেষ করেন, অন্যদিকে জোরা ৩৯ বলে ঝড়ো ৬৩ রান করেন, যার মধ্যে ছিল পাঁচটি ছক্কা।
টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ২৩ রানে ৩ উইকেট হারানোর পর ১২তম ওভারে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬৩। এরপর বাকি ব্যাটাররা যোগ করতে পারেন মাত্র ২০ রান।
ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি নতুন কোনও ধাক্কা নয়। মাত্র দুই মাস আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ রানে গুটিয়ে গিয়েছিল তাদের টেস্ট দল—যা ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নরা গত ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বেও জায়গা করে নিতে পারেনি, আর ২০২৭ আসরের মূল পর্বে জায়গা পাওয়ার লড়াইয়েও এখনও পিছিয়ে।








