গত বছরটা বল হাতে দুর্দান্ত কেটেছে পেসার জ্যাকব ডাফির। তারই পুরস্কার পেয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা ডাফি গত বছরে সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শিকার করেছেন ৮১ উইকেট।
নিউজিল্যান্ড দলটির নেতৃত্বে থাকছেন মিচেল স্যান্টনার। খেলোয়াড় হিসেবে এটি তার নবম আইসিসি বৈশ্বিক টুর্নামেন্ট।
পেস বিভাগে ডাফির সঙ্গে আছেন লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও অ্যাডাম মিলনে। পেস-বোলিং অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে জিমি নিশামকে। স্পিন শক্তি বাড়াতে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র দলে রয়েছেন।
উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন টিম সাইফার্ট। পেস বোলিংয়ে রিজার্ভ হিসেবে স্কোয়াডের সঙ্গে ভ্রমণ করবেন কাইল জেমিসন। টুর্নামেন্ট চলাকালীন তার দলে সুযোগ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ, ওই সময়ে ফার্গুসন ও ম্যাট হেনরির স্ত্রীদের সন্তান জন্ম দেওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে দুজনই স্বল্পমেয়াদী পিতৃত্বকালীন ছুটি পাবেন।
আসন্ন টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে আফগানিস্তান, কানাডা, দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত। আগামী ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে।
নিউজিল্যান্ড স্কোয়াড:
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিলনে, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট, ইশ সোধি
রিজার্ভ: কাইল জেমিসন








