পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রাথমিক স্কোয়াডে থাকলেও কামিন্সকে নিয়ে একধরনের আশা ছিল টুর্নামেন্টের শুরুর দিকে হয়তো চোট সারিয়ে ফিরতে পারবেন। বোর্ডের ভাষ্য, লাম্বার স্ট্রেস ইনজুরি থেকে সেরে উঠতে কামিন্সের আরও সময় প্রয়োজন। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইসকে।
গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টের পর আর মাঠে নামেননি কামিন্স। জুলাইয়ের পর সেটিই ছিল তার একমাত্র ম্যাচ। অ্যাশেজ সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় বিশ্বকাপকে সামনে রেখে পুনর্বাসন প্রক্রিয়ায় জোর দিতে ওই ম্যাচের পরই তাকে বিশ্রামে পাঠানো হয়।
জানুয়ারিতে করা স্ক্যানে উন্নতির লক্ষণ দেখা গেলেও ব্যস্ত সূচির বৈশ্বিক টুর্নামেন্টে ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা। ফলে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে এই ফাস্ট বোলারকে।
চূড়ান্ত স্কোয়াডে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। ম্যাথিউ শর্টকে বাদ দিয়ে মিডল অর্ডার শক্তিশালী করতে ম্যাট রেনশকে দলে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার স্পিন-সহায়ক কন্ডিশনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অপর দিকে, বিগ ব্যাশে ভালো পারফরম্যান্সের পরও দলে জায়গা হয়নি স্টিভেন স্মিথের। স্বস্তির খবর হলো, চোট কাটিয়ে জশ হ্যাজলউড, টিম ডেভিড ও নাথান এলিসকে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।
অস্ট্রেলিয়ার স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।









