টি-টোয়েন্টি বিশ্বকাপে অল্পের জন্য অঘটন ঘটাতে পারেনি নেপাল। রবিবার ইংল্যান্ডকে প্রায় হারিয়ে দিতে বসেছিল। শেষ পর্যন্ত অবশ্য জয় বঞ্চিত হয়েছে। এমন নৈপুণ্যের পর এখন ইংল্যান্ডসহ বিশ্বের শীর্ষ ক্রিকেট দেশগুলোকে নেপালে সিরিজ খেলার আহ্বান জানিয়েছেন দলটির অধিনায়ক রোহিত পাউডেল।
শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা ধরে রেখেছিল নেপাল। শেষ পর্যন্ত কারানের বীরত্বে মাত্র চার রানে হেরে যায় তারা।
বিশ্বকাপ, এশিয়া কাপ, এশিয়ান গেমস কিংবা বাছাইপর্বের বাইরে সহযোগী দেশ নেপালের বিপক্ষে এখন পর্যন্ত একমাত্র টেস্ট খেলুড়ে দল হিসেবে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। গত বছর তারা নেপালের সঙ্গে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল।
রোহিত পাউডেল তাই বড় দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেছেন, ‘যদি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড নেপালে আসে, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে। এতে বিশ্ব ক্রিকেট বুঝবে, নেপালও ক্রিকেট খেলে এবং ভালো খেলে। এই বিশ্বকাপেই আমরা সেটার প্রমাণ দিয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ভারত যদি আমাদের সঙ্গে খেলে, তাহলে আমাদের ক্রিকেট আরও এগিয়ে যাবে। এতে ক্রিকেট আরও ছড়িয়ে পড়বে। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
ভবিষ্যতে টেস্ট ক্রিকেট খেলার আশায় থাকা নেপাল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য জয় হাতছাড়া করেছিল। ওই ম্যাচে তারা মাত্র এক রানে হেরে যায়। এরপর বিশ্বের শীর্ষ দলগুলোর বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা করলেও কোনও চুক্তিতে পৌঁছাতে পারেনি নেপাল।
জানা গেছে, ভবিষ্যতে নেপালের বিপক্ষে খেলার বিষয়ে ইতিবাচক অবস্থান রয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচি সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।







