গত ডিসেম্বরে নিলাম থেকে পেসার আকাশ দিপকে ভিত্তিমূল্য এক কোটি রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু দুর্ভাগ্য দলটির। চোটের কারণে পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে হচ্ছে আকাশকে।
২৯ বছর বয়সী আকাশের ছিটকে পড়ার কথা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কলকাতা। তবে ইএসপিএনক্রিকইনফোর খবর, এখনও পিঠের চোট থেকে সেরে উঠতে না পারায় মাঠে ফিরতে আরও তিন মাস সময় লাগবে।
ভারতীয় গণমাধ্যমের খবর, গত বুধবার শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে এখনও দলের সঙ্গে যোগ দেননি তিনি। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (সিওই) পুনর্বাসনে আছেন আকাশ।
সত্যি বলতে আকাশের দুর্ভাগ্য পিছু ছাড়ছে না। চোটের কারণে জাতীয় দল কিংবা আইপিএল কোথাও নিয়মিত হতে পারেননি। ২০২২ সালে আইপিএল অভিষেকের পর এখন পর্যন্ত মাত্র ১৪ ম্যাচ খেলতে পেরেছেন তিনি, উইকেট পেয়েছেন ১০টি। গত আসরে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে ছয় ম্যাচ খেলতে পারেন ডানহাতি পেসার। ২০২৫ সালের নিলাম থেকে আট কোটি রুপিতে কেনা বোলারকে এক মৌসুম পরই ছেড়ে দিতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে।









