আইপিএলে নতুন মৌসুম চলে এলেও ছন্নছাড়া ব্যাটিংয়ের কোনও কূলকিনারাই করতে পারছে না চেন্নাই সুপার কিংস। ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ম্যাচে হার দেখেছে তারা। টিনএজ সেনসেশন বৈভব সূর্যবংশীর ১৫ বলে ঝড়ো ফিফটিতে ভর করে ৮ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে রাজস্থান রয়্যালস।
সোমবার রাজস্থানের বিপক্ষে পাওয়ারপ্লেতে ৪১ রানে ৪ উইকেট হারিয়েই বিপদে পড়ে চেন্নাই। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে। ব্যাটিংয়ে ধস নামলে আট নম্বরে নামা জেমি ওভারটনের দায়িত্বশীল ব্যাটিংয়েই সম্মানজনক স্কোর দাঁড় করানো গেছে। ৩৬ বলে সর্বোচ্চ ৪৩ রান করেছেন তিনি।
জোফরা আর্চার ও নান্দ্রে বার্গার দুজনই চেন্নাইয়ের টপ অর্ডার ভেঙে দেন। নেন দুটি করে উইকেট। অন্যদিকে, ১৭ বছর পর রাজস্থানে ফিরে রবীন্দ্র জাদেজা নিজের প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন। একটি করে নেন ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা ও রবি বিষ্ণয়। ম্যাচসেরা ২৬ রানে দুটি উইকেট নেওয়া বার্গার।
তার পর ১৫ বছর বয়সী সূর্যবংশীর ব্যাটিং ঝড়ে ১২৮ রানের লক্ষ্য মাত্র ৭.৫ ওভার বাকি থাকতেই তাড়া করে জয়ের বন্দরে পৌঁছায় রাজস্থান।
গত আইপিএলে মাত্র ১৪ বছর বয়সে অভিষেক মৌসুমেই ইতিহাস গড়ে আলোচনায় আসেন সূর্যবংশী। ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সবার নজর কাড়েন তিনি।
এদিন নিজের প্রথম বলে ক্যাচের সুযোগ দিলেও প্রতিপক্ষ তা কাজে লাগাতে পারেনি। এরপরই নিজের ছন্দ খুঁজে পেয়ে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। আফগানিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার নূর আহমেদের এক ওভার থেকে দুটি ছক্কা হাঁকিয়ে মাত্র ১৫ বলেই হাফসেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত ইনিংসটি বড় করতে পারেননি তিনি। আংশুল কাম্বোজের বলে ১৭ বলে ৫২ রানে থেমেছেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছক্কা।
বৈভবের বিদায়ে ভাঙে রাজস্থানের ৭৫ রানের ওপেনিং জুটি। ধ্রুব জুরেল ৯ বলে ঝড়ো ব্যাটিংয়ে ১৮ রানে ফিরলে আরেক ওপেনার যশস্বী জয়সওয়াল দৃঢ় ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন। ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৮ রান করেন তিনি। অধিনায়ক রিয়ান পরাগও (১৪*) তার সঙ্গী ছিলেন। দুজনের ২৯* রানের জুটিতে ১২.১ ওভারে লক্ষ্যে পৌঁছায় রাজস্থান।









