ওয়ানডে ক্রিকেট কি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডসের মন্তব্যে সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে। তার মতে, ভবিষ্যতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সংখ্যা ক্রমেই কমতে থাকবে। তবে বিশ্বকাপে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব অটুট থাকবে বলে মনে করেন তিনি। জন্টি রোডসের মতে, ওয়ানডে ক্রিকেট এখন চাপে রয়েছে।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে রটারডাম ডকার্স ফ্র্যাঞ্চাইজির জার্সি উন্মোচন অনুষ্ঠানে মুম্বাইয়ে কথা বলার সময় রোডস বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার সময় অনেকেই মনে করেছিলেন, এর কারণে টেস্ট ক্রিকেট চাপের মুখে পড়বে। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।’
৫০ ওভারের ক্রিকেট নিয়ে শঙ্কা প্রকাশ করে রোডস বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের কারণে নতুন দর্শক ও ক্রিকেট দেখার ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। আর সেই পরিবর্তনের কারণে আগামী বছরগুলোতে ৫০ ওভারের ক্রিকেট কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারে।’
তার মতে, বিশ্বকাপে খেলার সুযোগ এখনও অসাধারণ এবং রোমাঞ্চকর। সেটি টি-টোয়েন্টি হোক কিংবা ৫০ ওভারের বিশ্বকাপ। তবে দ্বিপাক্ষিক সিরিজে ৫০ ওভারের ম্যাচের সংখ্যা ভবিষ্যতে ক্রমেই কমে আসবে বলে তিনি মনে করেন। রোডসের ভাষায়, ‘৫০ ওভারের ক্রিকেটকে বাদ দিয়ে ক্রিকেটের ভবিষ্যৎ কল্পনা করাও কঠিন।’
আগামী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা। নিজেদের দেশে বিশ্বের সেরা দলগুলোকে স্বাগত জানানোর পাশাপাশি ট্রফি জেতার স্বপ্নও দেখছে প্রোটিয়ারা।
রোডস এ নিয়ে বলেছেন, ‘২০১০ ফুটবল বিশ্বকাপ, ১৯৯৫ রাগবি বিশ্বকাপ এবং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আয়োজন সফলভাবে করার অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার রয়েছে।’ এ সময় ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলটির কথাও তিনি স্মরণ করেন তিনি।
তার মতে, ক্রিকেট অনুসরণ করতে দক্ষিণ আফ্রিকায় আসা মানুষজন সাধারণত দারুণ সময় কাটান। তাই বিশ্বকাপ আয়োজন নিয়ে দক্ষিণ আফ্রিকানরাও অত্যন্ত উচ্ছ্বসিত।









