পাকিস্তানের টেস্ট দলে সাইম আইয়ুবকে হুট করে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন। তার মতে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে উড়িয়ে এনে প্রায় ১১ মাস লাল বলের ক্রিকেটের বাইরে থাকা একজনকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেক করানো টেস্ট ক্রিকেটের প্রতি যথাযথ সম্মান দেখায় না।
সাইম সর্বশেষ পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছিলেন গত বছরের জানুয়ারিতে। এরপর অক্টোবরের কায়েদ-ই-আজম ট্রফির পর আর কোনো প্রথম শ্রেণির ম্যাচও খেলেননি। সাম্প্রতিক সময়ে তাকে মূলত সীমিত ওভারের ক্রিকেটেই দেখা গেছে। কিন্তু ইংল্যান্ড সফরে পাকিস্তানের বিপর্যয়ের মধ্যে হঠাৎ করেই তাকে ডেকে নেওয়া হয়।
প্রথম দুই টেস্টে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়। প্রধান কোচ, বোলিং কোচসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। এরপর ক্যারিবিয়ানে জ্যামাইকা কিংসমেনের হয়ে সিপিএল খেলা সাইমকে উড়িয়ে এনে দ্য ওভালে তৃতীয় টেস্টে ওপেনার হিসেবে নামানো হয় তাকে।
এর কিছুদিন আগেই সিপিএলে নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন সাইম। মাত্র ৫৮ বলে ১০২ রানের ইনিংসে মেরেছিলেন আটটি ছক্কা। কিন্তু টেস্টে ফিরেই কঠিন বাস্তবতার মুখে পড়েন তিনি। ওভালে প্রথম ইনিংসে ১০ বলে কোনো রান না করেই আউট হন। বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে তো প্রথম বলেই ফিরে যান।
স্কাই স্পোর্টসে সাইমের শট নির্বাচনের সমালোচনা করলেও নাসেরের মতে, আসল প্রশ্ন হওয়া উচিত তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে।
নাসের বলেন, ‘আপনি যদি ১১ মাস প্রথম শ্রেণির ক্রিকেট না খেলেন এবং মাত্র ১০ দিন আগেও সিপিএলে খেলেন, তাহলে আপনাকে সরাসরি ইংল্যান্ডে উড়িয়ে এনে সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট, ভিন্ন কন্ডিশন এবং ডিউকস বলের বিপক্ষে খেলতে নামানো যায় না। তার ওপর প্রতিপক্ষে রয়েছে ওলি রবিনসনের মতো বোলার।’
তার মতে, টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন ফরম্যাট। আর ইংল্যান্ডের কন্ডিশনে টপ অর্ডারে ব্যাটিং করা টেস্ট ক্রিকেটের অন্যতম কঠিন চ্যালেঞ্জ। পাকিস্তানের সিদ্ধান্ত দেখে মনে হয়েছে, তারা টেস্ট ক্রিকেটকে এমনভাবে দেখছে যেন যেকোনো জায়গা থেকে একজন খেলোয়াড়কে এনে সঙ্গে সঙ্গেই পারফরম্যান্স আশা করা যায়।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে পাকিস্তানের অবস্থাও বেশ নাজুক। প্রথম দুই টেস্টে হারের পর দ্য ওভালে তৃতীয় টেস্টেও বড় বিপদের মুখে তারা। ইংল্যান্ডকে আবার ব্যাট করতে নামাতে পাকিস্তানের প্রয়োজন আরও ২৬৮ রান, হাতে আছে আট উইকেট।









