বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক সময় বাকি। অথচ টিকিটের জন্য এখনই শুরু হয়ে গেছে তুমুল আগ্রহ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম সপ্তাহান্তেই ১১ লাখের বেশি টিকিটের জন্য আবেদন জমা পড়েছে। মঙ্গলবার বিষয়টি জানিয়েছে টুর্নামেন্টের আয়োজকেরা।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপের টিকিট পেতে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশি দর্শক নিবন্ধন করেছেন। টিকিটের ব্যালট নিবন্ধন চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ ঘিরে। এই ম্যাচের জন্যই জমা পড়েছে ১ লাখ ১০ হাজারের বেশি টিকিটের আবেদন।
ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচও তৈরি করেছে ব্যাপক আগ্রহ। এই ম্যাচের জন্য আবেদন পড়েছে ৯২ হাজারের বেশি। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচের জন্য জমা পড়েছে ৮৬ হাজারের বেশি আবেদন।
এমন সাড়া পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত। তিনি বলেন, ‘টিকিটের ব্যালট চালু হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার কিছু বেশি সময়ের মধ্যে ১০ লাখ আবেদন জমা পড়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ নিয়ে মানুষের আগ্রহ, টুর্নামেন্টটির মর্যাদা ও ক্রিকেটের সঙ্গে তাদের গভীর সম্পৃক্ততারই প্রমাণ।’