টানা সাত ওয়ানডে জয়, রহমত শাহর নেতৃত্বে মুগ্ধ আফগানিস্তান কোচ

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১৩:২৬ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৩:২৬

আফগানিস্তানের বোলিং আক্রমণে রশিদ খানের জাদু তো আছেই, তবে সাফল্যের গল্পটা শুধু তাকে ঘিরে নয়। দলের অন্য বোলাররাও সমানভাবে অবদান রাখছেন, একে অন্যের জন্য উইকেট তুলে নিচ্ছেন। জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর এমনটাই বললেন আফগানিস্তানের কোচ রিচার্ড পাইবাস। শুক্রবার শারজায় ফাইনালে রশিদের ৪১ রানে ৩ উইকেটের পারফরম্যান্সে ভর করে সাত উইকেটের সহজ জয় পেয়েছে আফগানিস্তান।

প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.৩ ওভারে ১৬৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৩৪.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। ইব্রাহিম জাদরান অপরাজিত ৭০ রান করেন, অধিনায়ক রহমত শাহর ব্যাট থেকে আসে ৪৩ রান।

এই ম্যাচে তিন উইকেট নিয়ে রশিদ নিজের ধারাবাহিকতার আরেকটি নজির গড়েছেন। আগস্ট থেকে টানা ছয়টি ওয়ানডেতে অন্তত তিনটি করে উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের উমর গুলের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন রশিদ।

ফাইনালের পর পাইবাস বলেছেন, ‘পুরো সপ্তাহজুড়েই আমাদের স্পিন বোলিং দুর্দান্ত ছিল। আমাদের অসাধারণ কয়েকজন স্পিনার আছে। রশিদ অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে, তবে সে একা নয়। বৈচিত্র্যময় ও দক্ষ একটি বোলিং ইউনিট তাকে দারুণভাবে সহায়তা করছে। তারা একে অন্যের জন্য উইকেট তুলে নিচ্ছে, যা সত্যিই দারুণ একটি বিষয়।’

সম্প্রতি আফগানিস্তানের টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া রহমত শাহর নেতৃত্বেও মুগ্ধ কোচ। তার নেতৃত্বে টানা সাতটি ওয়ানডে জিতেছে আফগানিস্তান।

রহমতকে নিয়ে পাইবাস বলেন, ‘অধিনায়ক হিসেবে রহমত অসাধারণ। সে খুব শান্ত ও আত্মবিশ্বাসী একজন খেলোয়াড়। কর্তৃত্বের সঙ্গে নেতৃত্ব দেয়, আবার দলের সবাইকে সঙ্গে নিয়েও চলে। তার দলে দারুণ একটা পরিবেশ রয়েছে।’

ব্যাট হাতে অধিনায়কের অবদানকেও গুরুত্বপূর্ণ মনে করেন পাইবাস। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও সেই দায়িত্ব পালন করা সমান গুরুত্বপূর্ণ। আগস্টে আয়ারল্যান্ড সফর থেকেই আমরা সেটা দেখছি। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে তার পারফরম্যান্স প্রাপ্য স্বীকৃতি পায়নি। সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে সে অসাধারণ খেলেছিল। ওয়ানডেতেও টানা সাতটি জয় পেয়েছে তার দল।’

তবে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা সহজ হবে না বলেও মনে করেন আফগান কোচ। তার বিশ্বাস, রহমত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব দিয়ে দলকে আরও এগিয়ে নেবেন।

পাইবাসের ভাষায়, ‘সব সময় এমন মধুর অভিজ্ঞতা আসবে না। তবে সে দারুণভাবে শুরু করেছে। আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, সে ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ী উপায়ে দলকে নেতৃত্ব দিয়ে যাবে।’

 

/এফআইআর/
সম্পর্কিত
বেতন বাড়ছে, মান কমছে: আফগানিস্তান-জিম্বাবুয়ে থেকে কী শেখার আছে বাংলাদেশের?
মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন কোচ পোলার্ড
‘কোনও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, স্বাধীনভাবেই দল বেছে নিই’
সর্বশেষ খবর
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ইরাকে বাংলাদেশ দলকে রাষ্ট্রদূতের অনুপ্রেরণা
ইরাকে বাংলাদেশ দলকে রাষ্ট্রদূতের অনুপ্রেরণা
হেমন্তেও তিস্তায় ভাঙন, ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন কৃষক
হেমন্তেও তিস্তায় ভাঙন, ধান কেটে গরুকে খাওয়াচ্ছেন কৃষক
হাজতে থাকা ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
হাজতে থাকা ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগান, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে