দেশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলে খেলা ক্রিকেটার নুরুল হাসান সোহান। বিশেষ করে নিজের শহর খুলনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও স্বার্থ, রাজনীতি কিংবা ক্ষমতা হতে পারে না।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সোহান। একই সঙ্গে খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় দলে খেলা এই ক্রিকেটার বলেন, ‘আজ দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আমার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।’
একজন বাংলাদেশি ও ক্রীড়াবিদ হিসেবে মানুষের জীবনের নিরাপত্তাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করেন সোহান। তার ভাষায়, ‘আমরা সংঘাত চাই না, প্রতিশোধ চাই না, অস্থিরতা চাই না। আমরা চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘কথায় নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’
পোস্টের শেষাংশে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে সোহান বলেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনও ব্যক্তিগত অর্জন নয়, আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ।’ তার প্রত্যাশা, ‘নিরাপদ মানুষ, নিরাপদ খুলনা, নিরাপদ বাংলাদেশ।’