ইসরায়েলের নতুন নেসেটের শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি জানিয়ে বিরোধীদের সতর্ক করেছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার বক্তব্যকে ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে নেতানিয়াহুর পার্টি লিকুদের সঙ্গে বুধবারে নির্ধারিত সংলাপ বাতিল করেছেন সরকার গঠনের দায়িত্বে থাকা ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেলেও বিরোধী দলগুলো পেয়েছে ৬৭ আসন। গত রবিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। এরপর থেকেই আরব দলগুলোর সমর্থনে গঠিত ‘সংকীর্ণ’ সরকার না গড়ার হুঁশিয়ারি দিয়ে আসছেন নেতানিয়াহু। শপথ অনুষ্ঠানে বক্তব্যে নেতানিয়াহু বলেন, আমাদের অবশ্যই এক হয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করতে হবে। এমন বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে সংকীর্ণ সরকার কোনও কাজে আসবে না।
বক্তব্যে নেতানিয়াহু আরব আইনপ্রণেতাদের বিরুদ্ধে ইসরায়েল ধ্বংস এবং সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ তোলেন। জবাবে গাদি আইজেনকোট সোশ্যাল মিডিয়া এক্স-এ লিখেছেন, বিদায়ী প্রধানমন্ত্রীর উসকানিমূলক ও লজ্জাজনক ভাষণ শোনানের পর আমি আরও নিশ্চিত হয়েছি যে তিনি পদে থাকার উপযুক্ত নন।
অন্যদিকে আরব দলগুলো নেতানিয়াহুর মন্তব্যকে ‘বর্ণবাদী’ হিসেবে আখ্যায়িত করেছে। রা’ম দলের প্রধান মনসুর আব্বাস বলেন, ‘আমরা আইনের অনুগামী নাগরিক। আমরা কেবল শান্তিতে এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে দাঁড়াতে চাই।’
ভাষণ চলাকালে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও বিরোধীরা ৭ অক্টোবরের ঘটনার তদন্ত কমিশন না গঠন এবং নেতানিয়াহুর সহকারীদের বিরুদ্ধে কাতারের আর্থিক সম্পর্কের অভিযোগ নিয়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি করেন। এর প্রতিবাদে ডেমোক্র্যাটস দল ওয়াকআউট করে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন যেসব বিশ্বনেতা
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম