পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরানের চোখ পরীক্ষা করা হয় পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস)। বুধবার হাসপাতালের এক কর্মকর্তা এ তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। গত রাতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হয়েছেন। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দেওয়া একটি ছাড়া বাকি সব দণ্ড স্থগিত অথবা বাতিল হয়েছে। এসব মামলার আপিল এখনো বিচারাধীন। ইমরান অবশ্য কোনো ধরনের অন্যায়ের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এসব মামলা করা হয়েছে। তবে সরকার এ অভিযোগ নাকচ করেছে।
ইমরানের আইনজীবীদের দাবি, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তির উল্লেখযোগ্য অংশ হারিয়েছেন ৭৪ বছর বয়সী এই নেতা।
গত আগস্টে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছিল। এরপর এবারই প্রথম তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে কারাগারে ফেরত পাঠানোর ঘটনা জানা গেল।
এদিকে ইমরানের দল জানিয়েছে, পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে তার আইনজীবী দল ও স্ত্রীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ইমরানের দলের উপপ্রধান শাহ মাহমুদ কোরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।