আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় দুই বছরের মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের পর তিনি পুনরায় এই দায়িত্ব পেয়েছেন।
৩৮ বছর বয়সী জয় শাহই ছিলেন চেয়ারম্যান পদের একমাত্র প্রার্থী। গুরুত্বপূর্ণ এক সময়ে বিশ্ব ক্রিকেটের নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। কারণ, ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন এবং ২০২৭ সালের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বিশ্ব।
আইসিসি বোর্ড জয় শাহর নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছে। সংস্থাটির মতে, তার পুনর্নিয়োগ ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে। একই সঙ্গে বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার, সমর্থকগোষ্ঠী বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যেও কাজ করবে আইসিসি।
পুনর্নির্বাচিত হওয়ার পর জয় শাহ বলেন, বোর্ডের পক্ষ থেকে আবারও আস্থা অর্জন করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে আইসিসির সদস্য দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
২০২৪ সালের আগস্টে প্রথমবারের মতো আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। এর মধ্য দিয়ে এই পদে দায়িত্ব নেওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তিনি। এর আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি আইসিসির প্রভাবশালী অর্থ ও বাণিজ্য বিষয়ক কমিটির প্রধানও ছিলেন।