নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর যেন নতুন জীবন ফিরে পেয়েছেন জাতীয় দলের মিডফিল্ডার ও সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। গত মার্চে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় ফুটবল দল থেকে বহিষ্কৃত হন মামুনুল। এর তিন মাস পর আজ তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাঝের এই তিনমাস নরক যন্ত্রণায় ছিলেন বলে মন্তব্য করেছেন তারকা এই ফুটবলার।
মামুনুল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফুটবলার হয়ে না খেলতে পারার যে যন্ত্রণা, তা ভাষায় প্রকাশ করা যাবে না। অবশেষে সে যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। জাতীয় দলে আমি নিষিদ্ধ তা মেনে নিতে পারিনি কখনও। মনে হয়েছে, আমি যেন বন্দি। জাতীয় দল ঘোষণা হলো অথচ সেখানে আমার নাম নেই, তা দেখতেও কষ্ট হয়েছে।’
মামুনুল আরও যোগ করেন, ‘যাই হোক বাফুফেকে ধন্যবাদ। আমাকে আবার খেলার সুযোগ করে দিয়েছে। আমি যোগ্যতার প্রমাণ দিয়েই আবার দলে ঠাঁই করে নেব। জাতীয় দলে সেরাটা দিয়ে এসেছি, তা অব্যাহত থাকবে।’
/আরএম/এফআইআর/







