শতবর্ষী কোপা আমেরিকায় গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে অপেক্ষাকৃত সহজ সমীকরণের সামনে ছিল ব্রাজিল। পেরুর কাছে হারলেই এবারের আসর থেকে বিদায়। ড্র কিংবা জয়ে নিশ্চিত হবে শেষ আট। তবে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ব্রাজিল।
যদিও এই জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় বদলি হিসেবে নামা পেরুর খেলোয়াড় রাউল রুইদিয়াস। হাত দিয়ে গোল করে ব্রাজিলকে কোপা থেকে বিদায় করেন তিনি। সহকারীর সঙ্গে আলোচনা করেও তা ধরতে পারলেন না রেফারি। বিতর্কিত ওই গোলেই কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল পেরু।
৭৫তম মিনিটে আসে পেরুর রুইদিয়াসের ওই বিতর্কিত গোল। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা যায় ডান দিক থেকে আসা ক্রসে হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। তবে ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই কোপা আমেরিকার এই আসরে। ফলে অনেক সময় নিয়ে সহকারীর সঙ্গে আলোচনা করে হ্যান্ডবলটি ধরতে পারেননি রেফারি!
বল জালে ঢোকার সঙ্গে সঙ্গেই ব্রাজিল দলের গোলরক্ষকসহ সকলেই হ্যান্ডবলের আবেদন জানান। কিন্তু রেফারিরা বেশ কিছুক্ষণ সময় নিয়েও তাতে সাড়া দেননি। এদিকে, টিভি রিপ্লেতে বারবার পরিস্কারভাবে দেখা গেছে গোলের জন্যে রুইদিয়াজ পা কিংবা মাথা কিছুরই সাহায্য না নিয়ে সরাসরি হাত দিয়েই গোল করেন।
/এমআর/








