ওয়ালটন ফেডারেশন কাপে অঘটন ঘটিয়েছে মুক্তিযোদ্ধা। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত 'বি' গ্রুপের খেলায় মুক্তিযোদ্ধা ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীকে।
বড় বাজেটের দল গড়ে স্বাধীনতা কাপে সফলতা পেলেও ফেডারেশন কাপে এসে হোঁচট খেল চট্টগ্রাম আবাহনী। এর আগে প্রথম ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল চ. আবাহনী। আজ মুক্তিযোদ্ধার বিপক্ষে হেরে যাওয়ায় ফেডারেশন কাপ থেকে তাদের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে কোয়ার্টার নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধা।
সোমবার খেলার ১১ মিনিটে প্রথম আক্রমণ শানায় মুক্তিযোদ্ধা। দুই নাইজেরিয়ান সাইমন উদজিউকা ও আহমেদ কোলো মুসার সমন্বিত আক্রমণ ছিল এটি। সাইমনের ক্রসে হেড করেন কোলো মুসা। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল ইসরাম রানা পাঞ্চ করে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন।
চট্টগ্রাম আবাহনী প্রথমার্ধে গোলের সুযোগ তেমন পায়নি। রুবেল মিয়া, সোহেল রানার ফরোয়ার্ড জুটি খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি মুক্তিযোদ্ধার রক্ষণভাগে। হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল প্রিউক্সকে বসিয়ে রাখেন কোচ জোসেফ পাভলিক। প্রথমার্ধের শেষ দিকে অধিনায়ক মামুনুল ইসলামের ৩০ গজের দূরপাল্লার শট শেষ মুহূর্তে গ্লাভসবন্দি করেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুন মিয়া।
খেলার ৮২ মিনিটে জয়সূচক গোলটি করেন মুক্তিযোদ্ধার বদলী ফরোয়ার্ড মো: রবিন। মাঝমাঠ থেকে সম্মিলিত আক্রমণ ঠেকাতে এগিয়ে এসেছিলেন গোলরক্ষক রানা। রবিন ম্যাচে তার প্রথম ছোঁয়ায় বল রানার পাশ দিয়ে প্লেস করেন গোল অভিমুখে। একজন ডিফেন্ডারের প্রানান্তকর চেষ্টার পরও বল অতিক্রম করে গোললাইন।
চাপ সৃষ্টি করে ৯০ মিনিটে একটি পেনাল্টি আদায় করে নেয় চট্টগ্রাম আবাহনী। দ্বিতীয়ার্ধে মাঠে নামা লিওনেল প্রিউক্সকে বক্সের ভেতর ফাউল করেন নাইজেরিয়ান ডিফেন্ডার সাইমন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মরক্কোর মিডফিল্ডার তারিক আর জানাবি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় চট্টগ্রাম আবাহনীকে।
দুই ম্যাচে চ. আবাহনীর সংগ্রহ এক পয়েন্ট। গ্রুপের শেষ ম্যাচে যদি শেখ রাসেল মুক্তিযোদ্ধা ড্র করে তাহলে রাসেল ও মুক্তিযোদ্ধা খেলবে কোয়ার্টার ফাইনাল। রাসেল মুক্তিযোদ্ধাকে হারালেও তিন পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা খেলবে শেষ আটে। আর যদি মুক্তিযোদ্ধা রাসেলকে ১-০ গোলে হারায় তবে গোল পার্থক্য ও অন্যান্য সমীকরণ যেমন হলুদ ও লাল কার্ড দেখার ওপর নির্ভর করবে আবাহনীর ভাগ্য।
/আরএম/এমআর/






