গত দুইবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় উঠা ক্রোয়েশিয়া নকআউট আজ রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে মুখোমুখি হবেন দুই রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচ। তবে আজ মাঠে নামার আগে বন্ধুত্বটা নিশ্চয়ই মাঠের বাইরে রেখে আসবেন তারা!
গ্রুপপর্বে স্পেনকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়া। দলটির কোচ আন্তে সাসিচের বিশ্বাস, গ্রুপ পর্বের লড়াইয়ে তার দল দেখিয়েছে যে তারা পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্য। ক্রোয়াটদের এই দুর্বার পথচলার অন্যতম সারথি লুকা মডরিচ। যিনি আবার ক্লাবে রোনালদোর বন্ধু। তবে জাতীয় দলের জার্সি গায়ে দুজনই ভুলে যাবেন বন্ধুত্ব। হারতে চাইবেন ক্লাব সতীর্থকেই। তাই দলীয় লড়াইয়ের ফাঁকে পাদ প্রদীপে থাকবে রিয়াল মাদ্রিদের দুই তারকার ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের লড়াইও। তাদের এই দ্বৈরথ গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। মুখোমুখি লড়াইয়ে কিন্তু পর্তুগালই এগিয়ে। ইউরোতে তিনবারের সাক্ষাতে প্রতিবারই ক্রোটদের হারিয়েছে পর্তুগিজরা।
প্রথম দুই ম্যাচেই নিষ্প্রভ ছিলেন রোনালদো। তৃতীয় ম্যাচেই গা ঝাড়া দিয়ে উঠেছেন তিনবারের বর্ষসেরা ফুটবলার। হাঙ্গেরি ম্যাচে দুই গোল করে ক্রোয়েশিয়াকে এক প্রকার সতর্কবার্তাই ছুড়ে দিয়েছেন রোনালদো। নকআউট পর্বের এই ম্যাচে তাই ক্রোয়াটদের সবচেয়ে বড় আতঙ্কের নাম ‘সিআর সেভেন’। রোনালদো কী পারবেন পর্তুগিজদের মনে রাখার মতো আরেকটা রাত উপহার দিতে?
/এমআর/







