ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। উৎসবের এই মুহূর্তগুলোর খুশি-আনন্দ সব স্লান হয়ে যাবে যদি সেটা ভাগাভাগি করে নিতে না পারেন অন্যের সঙ্গে। তাই তো ঈদের খুশি ভাগাভাগি করতে নাড়ির টানে মানুষ ছোটে বাড়িতে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও ঈদ করছেন পরিবারের সঙ্গে। আনন্দটা শুধু পরিবার-বন্ধু নয়, সব ভক্তদের সঙ্গেও ভাগাভাগি করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম যেমন নিজের ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন ‘ঈদ মোবারক’ লিখে। জাতীয় দলে তার সতীর্থ আর ব্যক্তিগত জীবনে আত্মীয় (ভায়রা) মাহমুদউল্লাহ শুধু শুভেচ্ছা নয়, প্রার্থনা করেছেন সবার জন্য, ‘পরিবার-বন্ধুদের সঙ্গে এই ঈদটা কাটুক উৎসব মেজাজে। নিরাপদে থাকুন, এবং সব নিয়ম মেনে কোরবানি করুন। আর হ্যা, নিজের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে ভুলবেন না যেন। ঈদ মোবারক।’
জন্মস্থান মাগুরায় ঈদ করছেন সাকিব আল হাসান। মেয়েকে নিয়ে প্রথমবার বাড়িতে ঈদ করায় আনন্দটা তার এমনিতেই বেশি। সেটা সবার সঙ্গে ভাগাভাগি করেছেন এই লিখে, ‘এই ঈদে চলুন আরও সুন্দর এক বিশ্ব গড়ে তোলার পথে এগিয়ে যাই। সবাইকে জানাচ্ছি ঈদ-উল-আজহার শুভেচ্ছা, এবং আশা করি আপনার পরিবার আর বন্ধুদের সঙ্গে সুন্দর কিছু সময় কাটাতে পারেন।’ তামিম ইকবালের অবস্থাও তার মতো। ছেলেকে নিয়ে প্রথমবার বাড়িতে ঈদ করছেন যে তিনিও। আনন্দের মাঝে কোরবানির আসল যে উদ্দেশ, সেটা যেন আল্লাহ কবুল করেন, এই তার প্রার্থনা, ‘আল্লাহ আপনার ত্যাগ ও দোয়া কবুল করুন। সবাইকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
নাসির হোসেনের ঈদ শুভেচ্ছাটাও একই রকম, ‘সবাইকে ঈদ মোবারক। দোয়া করি পরিবার ও বন্ধুদের সঙ্গে যেন আনন্দমুখর একটা ঈদ কাটে আপনার। আর প্রার্থনা করি এই ঈদ-উল-আজহার উৎসর্গ করার শিক্ষাটা যেন আমাদের মনে ধারণ করার ক্ষমতা দেন আল্লাহ।’ সাব্বির রহমানের শুভেচ্ছার বার্তাটা আবার এমন, ‘ সবাইকে ঈদ মোবারক...প্রার্থনা করি আপনার ও আপনার পরিবারের উপর আল্লাহর হেদায়েত ও আশীর্বাদ বর্ষিত হয়।’
জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে ঢাকাতে কেবল ঈদ করছেন তাসকিন আহমেদ। ভক্ত-বন্ধুদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি লিখেছেন, ‘প্রার্থনা করছি ঈদ-উল-আজহায় আপনার ত্যাগ ও দোয়া যেন কবুল হয়। আশীর্বাদময় হোক ঈদ-উল-আজহা।’ পেসার মুস্তাফিজুর রহমানের আবার সোজাসাপ্টা ঈদ শুভেচ্ছা, ‘সবাইকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা।’ পেস সঙ্গী রুবেল হোসেনও লিখেছেন একইভাবে, ‘সবাইকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।’
/কেআর/







