ঘরের মাঠে দেপোর্তিভো আলাবেসের মতো দলের বিপক্ষে হেরে গেছে বার্সেলোনা। দ্বিতীয় বিভাগ থেকে উঠে আসা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ২-১ গোলের হার নিয়ে পড়ে থাকার সময় অবশ্য নেই স্প্যানিশ চ্যাম্পিয়নদের। আজ রাতেই যে নেমে পড়তে হচ্ছে মাঠে। ২০১৬-১৭ মৌসুমের লা লিগার পর শুরু হয়ে যাচ্ছে তাদের চ্যাম্পিয়নস লিগ অভিযানও। শুরুতেই তাদের প্রতিপক্ষ সেল্টিক। ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে। দেখা যাবে ‘টেন ওয়ান এইচডি’ চ্যানেলে।
এই ম্যাচের শুরু থেকেও সম্ভবত থাকছেন না লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না কোচ লুই এনরিকে। যদিও আলাবেসের বিপক্ষে একাদশের বাইরে থাকা আন্দ্রেস ইনিয়েস্তা-লুই সুয়ারেস ফিরছেন আজ। ছন্দ হারানো বার্সেলোনা ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে সেল্টিকের বিপক্ষে ম্যাচ দিয়ে। স্কটিশ দলটি প্লে অফের বাধা পেরিয়ে জায়গা করে নিয়েছে ইউরোপিয়ান প্রতিযোগিতাটির মূল পর্বে।
যদিও চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী দিনে নজরটা সম্ভবত থাকবে পার্ক দে প্রিন্সেসে। স্বাগতিক প্যারিস সেন্ত জার্মেইয়ের মুখোমুখি হচ্ছে যে আর্সেনাল। নতুন কোচ উনাই এমেরির অধীনে অবশ্য সময়টা ভালো যাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নদের। প্রিমিয়ার লিগে শুরুটা খারাপ হলেও সবশেষ দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী আর্সেন ওয়েঙ্গারের দল।
চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু হচ্ছে বায়ার্ন মিউনিখেরও। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ এবারই প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতায় সুযোগ পাওয়া রোস্তভ। রাশিয়ান দলটি নতুন হলেও দল নিয়ে কোনও রকম পরীক্ষা-নিরাক্ষা করতে রাজি নন ব্যাভারিয়ানদের কোচ কার্লো অ্যানচেলত্তি। ইতালিয়ান কোচ যার জায়গায় বসেছেন আলিয়েঞ্জ অ্যারেনায়, সেই পেপ গার্দিওলার নতুন মিশনও শুরু হচ্ছে রাতে। তার দল ম্যানচেস্টার সিটিও তো ঘরের মাঠে আতিথ্য দেবে জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখকে। তার আগে ম্যানচেস্টার ডার্বি জিতে আত্মবিশ্বাসের বেলুন উড়ছে ম্যানসিটির।
গতবারের রানার্স আপ অ্যাতলেতিকো মাদ্রিদ আতিথ্য নেবে ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেনের মাঠে। নাপোলিও অতিথি হয়ে যাচ্ছে ডিনামো কিয়েভের ঘরে।
/কেআর/







