প্রিমিয়ার লিগে টানা ১৩তম জয় পেল চেলসি। শনিবার স্টোক সিটির বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর শীর্ষস্থানে তারা ব্যবধান বাঁড়িয়েছে ছয় পয়েন্টে। তবে নিজেদের অবস্থান নিয়ে শিষ্যদের সতর্ক থাকতে বলছেন কোচ আন্তোনিও কোন্তে।
মৌসুমের কেবল অর্ধেক সময়ে এসে পৌঁছেছে প্রিমিয়ার লিগ। ১৯ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট চেলসির। আর তাদের পরে দুই নম্বরে আছে লিভারপুল, পয়েন্ট ৪৩। মৌসুমের প্রথম অর্ধে ‘চমৎকার’ অবস্থানে থাকায় দলের প্রশংসা করছেন কোন্তে। কিন্তু একই সঙ্গে শিষ্যদের মাটিতে পা রাখতে বলছেন তিনি। কারণ অতি উচ্ছ্বাস তাদের জন্য সর্বনাশ হয়ে দাঁড়াতে পারে মনে করেন জুভেন্টাসের সাবেক কোচ।
চেলসি এখন আর আন্ডারডগ নেই। শিরোপার জন্যে তারাই সবচেয়ে এগিয়ে। আর এ বিষয়টি নিয়ে সদা সতর্ক কোন্তে, ‘আমি মনে করি মৌসুমের প্রথমার্ধটা আমাদের জন্য ছিল অসাধারণ। আর এর পুনরাবৃত্তি করা খুব কঠিন হবে। আমরা ১৯ ম্যাচ খেলেছি, জিতেছি ১৬টি। একটি ড্র ও দুইটি হার। আমাদের জন্য এটা সেরা অর্জন।’
বাকি পথচলা নিয়ে সাবধানী কোন্তে, ‘মৌসুমের শেষ অর্ধটা আমাদের জন্য কঠিন হবে মনে করি। কারণ মৌসুমের শুরুটা আমরা করেছিলাম আন্ডারডগ হয়ে। প্রত্যেকে আমাদের খাটে করে দেখেছে। কিন্তু এখন সব আলো আমাদের উপরে। এটা আমাদের বুঝতে হবে।’ আরও খাটতে হবে মনে করেন কোন্তে। তবে সামনের চ্যালেঞ্জগুলো নিতে প্রস্তুত এ ইতালিয়ান কোচ, ‘আমাদের আরও বেশি কাজ করতে হবে, খাটতে হবে। প্রত্যেকটি ম্যাচ জিততে হবে। কিন্তু এটা সহজ নয়।’ সূত্র- গোলডটকম
/এফএইচএম/







