দক্ষিণ আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের কাছে ছিটকে যাওয়ার পর ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান হারিয়েছিল ব্রাজিল। ২০১৭ সালে এসে সেটা আবার ফিরে পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২০১৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে হেরে গেলেও র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছিল। সেখানে তাদের ঘাঁড়ে নিশ্বাস ফেলছিল ব্রাজিল। শেষ পর্যন্ত গত মার্চে প্যারাগুয়ে ও উরুগুয়ের বিপক্ষে জয়ে গতবারের রানার্সআপদের সিংহাসনচ্যুত করল তিতের শিষ্যরা।
অবশ্য উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকান অঞ্চলের লড়াইয়ে জেতার পরপরই ব্রাজিলের এক নম্বর জায়গা নিশ্চিত হয়েছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার ফিফার নতুন প্রকাশিত র্যাংকিংয়ে দেখা গেল সর্বোচ্চ ১২৭ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাকে পেছনে ফেলেছে ব্রাজিল। ওই ম্যাচ জিতে শুধু স্বাগতিক রাশিয়া বাদে সবার আগে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা।
আর্জেন্টাইনরা গত মাসের বাছাইয়ে চিলির বিপক্ষে ১-০ গোলে জিতলেও বলিভিয়ার মাঠে ২-০ গোলে হারে। এতেই তাদের দুই নম্বরে পতন ঘটেছে।
ব্রাজিল ও আর্জেন্টিনার পর শীর্ষ পাঁচে আছে জার্মানি, চিলি ও কলম্বিয়া। দুই ধাপ এগিয়ে সেরা দশে উঠেছে সুইজারল্যান্ড (৯)। দশের বাইরে ছিটকে গেছে উরুগুয়ে (১৫ নম্বরে, নেমেছে ৬ ধাপ)।
র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯৩ নম্বরে অনড়। সূত্র- ফিফার ওয়েবসাইট
/এফএইচএম/








