প্রত্যেক বিশ্বকাপের ড্র শেষে একটা স্বপ্নের ফাইনাল ভেসে ওঠে ফুটবল-ভক্তদের কল্পনায়। ফাইনালে যদি মুখোমুখি হতো ব্রাজিল আর আর্জেন্টিনা! কিন্তু বিশ্বকাপে আজও সেই ‘স্বপ্নের ফাইনাল’ হয়নি। শুক্রবার রাতে মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে ড্রয়ের পর অনেকেই হয়তো স্বপ্নের জাল বুনছেন। তবে অ্যান্ড্রু ওর্ড সেই দলে নেই। জাতীয় ফুটবল দলে অস্ট্রেলিয়ান কোচের ধারণা, ব্রাজিল আর আর্জেন্টিনার পক্ষে ফাইনালে ওঠা সহজ হবে না।
২০১৮ বিশ্বকাপে বেশ কঠিন গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে লিওনেল মেসিদের সঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ব্রাজিলের গ্রুপ অপেক্ষাকৃত সহজ। ‘ই’ গ্রুপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে সুইজারল্যান্ড, কোস্টারিকা আর সার্বিয়ার সঙ্গে।
বাংলাদেশের সিংহভাগ ফুটবল-ভক্ত ব্রাজিল অথবা আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপের ড্র হওয়ার পর তাদের অনেকেই হয়তো ‘স্বপ্নের ফাইনাল’ নিয়ে বিভোর। ওর্ডের কথা শুনলে অবশ্য তাদের মন খারাপ হতে বাধ্য! শনিবার বাংলা ট্রিবিউনকে জাতীয় দলের কোচ বলেছেন, ‘ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবল বিশ্বের পরাশক্তি। দুই দেশের ফুটবল ঐতিহ্য দারুণ সমৃদ্ধ। সমর্থকরা নিশ্চয়ই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর বিশ্বকাপ ফাইনাল দেখার আশা করছেন। কিন্তু বাস্তব অনেক কঠিন, ব্রাজিল-আর্জেন্টিনা কোনও দলের জন্যই ফাইনালে ওঠা সহজ হবে না।’
তাহলে কাদের ঘরে উঠবে বিশ্বকাপের শিরোপা? প্রশ্নটা শুনে সাবধানী ওর্ডের কণ্ঠ, ‘বিশ্বকাপ শুরু হতে এখনও অনেক দেরি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা যেন ইনজুরিতে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে দলগুলোকে। সাফল্যের জন্য তারকা খেলোয়াড়দের পারফরম্যান্সও প্রয়োজন। অবশ্য বিশ্বকাপ জিততে শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স নয়, ভাগ্যের সহায়তাও দরকার।’
বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধিদের দিকে বাড়তি দৃষ্টি রাখার কথাও জানালেন জাতীয় দলের কোচ, ‘এশিয়ার দলগুলোর পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছি। আমার মনে হচ্ছে, ইরান আর দক্ষিণ কোরিয়া কঠিন গ্রুপে পড়েছে। জাপানের অবশ্য শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে। তবে বিশ্বকাপে যে কোনও একটি দল নিয়ে বিশ্লেষণ করা কঠিন। এমন বৈশ্বিক আসরে সবারই ভালো খেলার সম্ভাবনা থাকে।’







