ম্যানচেস্টার ইউনাইটেডের বড়দিন উদযাপনের প্রস্তুতি মাটি করে দিলো লিস্টার সিটি। শেষ মুহূর্তে গোল করে তাদের জিততে দেয়নি ২০১৬ সালের চ্যাম্পিয়নরা। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচটি হয়েছে ২-২ গোলে ড্র।
কয়েকদিন আগে ব্রিস্টল সিটির কাছে হেরে ইংলিশ লিগ কাপ থেকে বিদায়ের দুঃখ কাটতে না কাটতেই আরেকবার হতাশায় ডুবলো ম্যানইউ। কারণ এই ড্রয়ে শিরোপার দৌড়ে ম্যানসিটির সঙ্গে ১৩ পয়েন্টে পিছিয়ে গেছে তারা। ১৯ ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের, আর ইউনাইটেডের অর্জন ৪২ পয়েন্ট।
ম্যাচে সবকিছু ছিল ম্যানইউর পক্ষে। যদিও প্রথম গোলটা খেয়েছে তারাই। ২৭ মিনিটে জেমি ভার্ডির গোলে পিছিয়ে পড়ে ম্যানইউ। লিস্টার সিটির জার্সিতে প্রথম খেলোয়াড় হয়ে ৫০তম লিগ গোল করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
হুয়ান মাতা ৪০ মিনিটে ঠাণ্ডা মাথায় ম্যানইউকে সমতায় ফেরান। বিরতির পর এই স্প্যানিশ তারকার ৬০ মিনিটের ফ্রি কিক গোলে এগিয়ে যায় অতিথিরা। এরপর জয়ের উপযুক্ত দাবিদার হয়ে ম্যাচ শেষ করার পথে ছিল তারা।
জেসে লিনগার্দের শট পোস্টে লাগলে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় ম্যানইউ। মার্কাস রাশফোর্ডের পেনাল্টির দাবি প্রত্যাখ্যান করেন রেফারি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে ৭৩ মিনিটে বদলি খেলোয়াড় ড্যানিয়েল আমার্টি মাঠ ছাড়লে ১০ জনের লিস্টারের বিপক্ষে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল হোসে মরিনহোর শিষ্যরা। কিন্তু ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে হ্যারি মাগুইরের গোলে বড় ধাক্কা খায় ম্যানইউ।







