ইউরোপা লিগের শেষ ৩২ এর প্রথম লেগের নিয়ন্ত্রণ ভালোভাবে নিলো আর্সেনাল ও অ্যাতলেতিকো মাদ্রিদ। বৃহস্পতিবার অ্যাতলেতিকো ৪-১ গোলে জিতেছে কোপেনহেগেনের মাঠে। ৩-০ গোলে ওস্টারসুন্ডের মাঠে জিতে শেষ ষোলোতে এক পা দিয়ে রাখলো আর্সেনাল।
মাত্র ১৫ মিনিটে ফিশারের গোলে পিছিয়ে পড়েছিল গ্রুপে তৃতীয় হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়া অ্যাতলেতিকো। ছয় মিনিট পর তারা ঘুরে দাঁড়ায় সাউলের গোলে। ৩৭ মিনিটে গামেইরোর গোলে প্রথমার্ধ তারা শেষ করে ২-১ এ এগিয়ে থেকে। এরপর আন্তোয়ান গ্রিজমান ও ভিতোলোর গোলে বড় জয় নিশ্চিত করে মাদ্রিদের ক্লাব।
সুইডিশ প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি আর্সেনাল। মাত্র ১৩ মিনিটে ওস্টারসুন্ডকে পেছনে ফেলে তারা মনরিয়েলের গোলে। ২৪ মিনিটে পাপাগিয়ানোপোলোসের আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ। ওজিল ৫৮ মিনিটে গোল করে নিশ্চিত করেন সহজ জয়।
শেষ ৩২ এর অন্য ম্যাচে মিশি বাতশুয়েইর শেষ মুহূর্তের গোলে আটলান্টার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। চেলসি থেকে ধারে আসা এ বেলজিয়ান জোড়া গোল করে জার্মানদের ৩-২ গোলে জেতান। সিরি ‘এ’র শীর্ষ দল নাপোলি ঘরের মাঠে ৩-১ গোলে হেরে গেছে লিপজিগের কাছে। আরেক ইতালিয়ান জায়ান্ট এসি মিলান ৩-০ গোলে লুদোগোরেৎস রাজগ্রাদের মাঠে জিতে শেষ ষোলোর সুবাস পাচ্ছে।
এছাড়া ৩-২ গোলে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে ঘরের মাঠে হেরেছে নিস। স্পার্তাক মস্কোকে ৩-১ গোলে হারিয়ে দেশে ফিরেছে অ্যাথলেটিক বিলবাও। এইকে এথেন্স ১-১ গোলে ড্র করেছে ডায়নামো কিয়েভের সঙ্গে। সেলটিক ১-০ গোলে হারিয়েছে জেনিত সেন্ত পিটার্সবার্গকে। রেড স্টার বেলগ্রেড গোলশূন্য ড্র করেছে সিএসকেএ মস্কোর সঙ্গে। লিওঁ ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ভিয়ারিয়ালকে। ২-২ গোলে ড্র হয়েছে রিয়াল সোসিয়েদাদ ও রেড বুল সলসবার্গের ম্যাচ। পার্টিজান ও ভিক্টোরিয়া প্লজেনও করেছে ড্র, স্কোর ১-১। এফসিএসবি ১-০ গোলে হারিয়েছে লাৎসিওকে। আস্তানা ঘরের মাঠে ১-৩ গোলে হেরেছে স্পোর্তিং সিপির বিপক্ষে। মার্শেই ৩-০ গোলে ব্রাগাকে হারিয়ে এক পা দিয়ে রাখলো শেষ ষোলোতে।
আগামী ২২ ফেব্রুয়ারি হবে ইউরোপা লিগ শেষ ৩২ এর দ্বিতীয় লেগ।







