বিশ্বকাপ এলেই বাংলাদেশে যেমন উন্মাদনা শুরু হয়, বিপরীতে ঠিকই দেখা যায় হাহাকার। আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে এত মাতামাতি। কিন্তু নেই নিজের দেশ বাংলাদেশ! বিশ্বকাপ তো দূরের কথা, দক্ষিণ এশিয়াতে সবার নিচে লাল-সবুজের অবস্থান। তাহলে কি অদূর ভবিষ্যতেও লাল-সবুজ পতাকা নিয়ে ফুটবলে উন্মাদনা হবে না? জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম মনে করছেন, বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেওয়া অলীক স্বপ্নের মতো।
বাস্তবতা মেনে নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনাকে অনেক দূরের পথ মনে করছেন এমিলি। বাংলা ট্রিবিউনের কাছে এই স্ট্রাইকারের বক্তব্য, ‘যখন বিশ্বকাপ ফুটবল আসে, তখন মনে হয় আমরাই যেন বিশ্বকাপে খেলছি। কিন্তু আমরা বাস্তব অবস্থার চেয়ে যোজন যোজন ব্যবধানে পিছিয়ে আছি। বাংলাদেশের ফুটবল এখন কোনও পর্যায়ে নেই। কোনও জায়গায় আমরা ভালো অবস্থানে নেই। না আছি দক্ষিণ এশিয়াতে, না আছি এশিয়াতে। বিশ্বে কোনও অবস্থান নেই আমাদের। অথচ আমাদের এখানে অনেক মেধা আছে। সেটা ঠিকভাবে ব্যবহার করা যায় না। আমাদের নির্দিষ্ট কোনও পরিকল্পনা নেই। কীভাবে এগোবে বলুন।’
নিজের খারাপ লাগাটাও জানিয়ে দিলেন এই অভিজ্ঞ স্ট্রাইকার, ‘বিশ্বকাপে বাংলাদেশ থাকবে এটা চিন্তা করা বেশ কঠিন। এই দেখুন ভারত কত এগিয়ে যাচ্ছে। দুই বছর আগেও তাদের সঙ্গে ড্র করেছি। দুই বছরে ওরা কোথায় গেছে, আর আমরা কোথায় আছি। সবাই আসলে বড় বড় পরিকল্পনা দেখায়। কিন্তু কেউ কাজ করে না। এটা আমাদের জন্য বড় সমস্যা।’
সদ্য অধিনায়কত্ব হারানো তারকা মিডফিল্ডার মামুনুলও বাংলাদেশের ফুটবল নিয়ে জানালেন হতাশার কথা, ‘বিশ্বকাপ এলে খারাপ লাগে। আমাদের নিয়ে কেন উন্মাদনা হয় না। বিভিন্ন দিবস ছাড়া জাতীয় পতাকা কেন ওড়ে না। বিশ্বকাপ কিংবা এশিয়ান পর্যায়ে যেতে হলে দীর্ঘমেয়াদে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সরকার থেকে যদি শুরু করে সংশিষ্ট সবাই স্বপ্ন দেখিয়ে এগিয়ে আসতে পারতো, তাহলে কিছু একটা সম্ভব। যেটা ভারতে হচ্ছে। নয়তো অন্য দেশের পতাকা উড়িয়ে সন্তুষ্ট থাকতে হবে।’








