এই বিশ্বকাপের শুরুতে ইংল্যান্ডকে নিয়ে আশার আলো দেখা লোকের সংখ্যা হয়তো হাতেগোনা ছিল। এখন সেই দলটির হাতেই শিরোপা দেখার প্রত্যাশা এই সংশয়ীদের মনে। স্পেনের সাবেক উইঙ্গার লুইস গার্সিয়ার মতে, ইংল্যান্ডকে দেখে ২০১০ সালে বিশ্ব জয়ী স্পেনের মতো লাগছে।
৮ বছর আগে দক্ষিণ আফ্রিকায় সুইজারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল স্পেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাদের। ইউরো চ্যাম্পিয়ন হওয়ার দুই বছর পর বিশ্বকে অবাক করে দিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতে ‘লা রোহা’রা। অথচ তাদের হাতে শিরোপা উঠবে এই ভাবনা খুব বেশি লোকের মাথায় ছিল বলা যাবে না।
এবার রাশিয়াতেও ইংল্যান্ড দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এগিয়ে চলেছে। বিশেষ করে গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট কলম্বিয়ার বিপক্ষে তাদের হার না মানা মানসিকতা ছিল দেখার মতো। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে ১২ বছর পর শেষ আটে ইংল্যান্ড।
শনিবার সুইডেনের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াই থ্রি লায়নদের। আত্মবিশ্বাস নিয়ে তারা এ ম্যাচ খেলবে। স্পেনের হয়ে ২০ ম্যাচ খেলা গার্সিয়ার বিশ্বাস, এবার ভালো সম্ভাবনা আছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়নদের, ‘অবশেষে তারা এখানে। তারা যেভাবে বিশ্বকাপে খেলছে, সেটা সম্ভবত টুর্নামেন্টের শুরুতে অনেক বেশি লোক ভেবেছে মনে হয় না। আমি ভিন্ন কিছু দেখছি। ২০১০ সালের স্প্যানিশ দলের সঙ্গে তাদের তুলনা করছি আমি, তাদের তরুণ খেলোয়াড় আছে দলে। তাদের দেশের জন্য তারা বড় কিছু করতে চায়।’
কলম্বিয়ার ম্যাচে ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন, ‘সেটা তারা প্রমাণ করেছে (কলম্বিয়ার বিপক্ষে) শেষ দিকে এসে। ৯০ মিনিটে ফল তারা না পেলেও শেষ পর্যন্ত তারা পার হয়ে গেছে। এই ধরনের মুহূর্তে এটাই বড় ব্যাপার।’ গোল ডটকম






