লাওসকে ৩-১ গোলে হারিয়ে ফিলিপাইন নিশ্চিত করে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল। এই ম্যাচের ফলে শেষ চারে উঠে যায় বাংলাদেশও। শুক্রবার দল দুটি মুখোমুখি হবে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে। এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত হলেও বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নির্ভার নন, গ্রুপসেরা হওয়ার লক্ষ্য তার।
সিলেট বিকেএসপির একাডেমি মাঠে অনুশীলনের পর নিজেদের লক্ষ্যের কথা সাফ জানিয়ে দিয়েছেন জামাল, ‘ইতিমধ্যে আমরা সেমিফাইনালে, তাই বলে আগামীকাল (শুক্রবার) আমার নির্ভার হয়ে মাঠে নামছি না। আমরা জিততে চাই। দেশের মানুষও আমাদের কাছ থেকে জয় চায়। পরিকল্পনা হচ্ছে আমাদের জিততে হবে।’
সেমিফাইনালের লাইন-আপ নির্ভর করছে শুক্রবারের ম্যাচের ফলের ওপর। ‘বি’ গ্রুপে রয়েছে শক্তিশালী দুই দল ফিলিস্তিন ও তাজিকিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন হলে তুলনামূলক সহজ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সমীকরণও মাথায় আছে বাংলাদেশ অধিনায়কের, ‘বি গ্রুপে ফিলিস্তিন ও তাজিকিস্তান আছে। এর মধ্যে ফিলিস্তিনকে শক্তিশালী টিম মনে করছি। সেমিফাইনালে গ্রুপসেরা হতে পারলে হয়তো তাদের এড়ানো যাবে।’
তবে প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে দেখছেন এই মিডফিল্ডার, বললেন, ‘কোচ ১১ খেলোয়াড় বাছাই করেছেন। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ফুটবলার হিসেবে প্রতিটি ম্যাচই পরীক্ষার মতো। এ ম্যাচেও দেখাতে হবে আমরা পারি।’
প্রতিপক্ষ ফিলিপাইন যে সহজ প্রতিপক্ষ নয়, তা অকপটে স্বীকার করে নিলেন জামাল, ‘ফিলিপাইনের ফরোয়ার্ড ভালো। ওদের ডিফেন্স স্লো আছে। দেখি কালকের ম্যাচে কী হয়। ওদের রক্ষণকে একটু দুর্বল মনে হয়েছে আমার। তবে আমাদের রক্ষণও সামলে রাখতে হবে, কেননা ওদের আক্রমণভাগ শক্তিশালী। সব মিলিয়ে কঠিন ম্যাচ হবে।’







