নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে লা লিগার শীর্ষস্থান নিশ্চিত করে বছর শেষ করলো বার্সেলোনা। দলের এই অর্জনে খুশি কোচ এর্নেস্তো ভালভারদে।
শনিবার শুরুর ম্যাচ জিতে অ্যাতলেতিকো মাদ্রিদ পয়েন্টে ধরে ফেলেছিল কাতালান জায়ান্টদের। পরের ম্যাচে সেল্তা ভিগোকে ২-০ গোলে হারিয়ে বার্সা আবারও পুনরুদ্ধার করে তিন পয়েন্টের লিড।
উসমান দেম্বেলে ও লিওনেল মেসির প্রথমার্ধের গোলে বছরের শেষ ম্যাচ জেতে বার্সা। উদ্দেশ্য পূরণের উচ্ছ্বাস ভালভারদের কণ্ঠে, ‘আমাদের উদ্দেশ্য ছিল শীর্ষে থেকে বছর শেষ করার, এই রাউন্ডের ম্যাচগুলোর আগে যেই জায়গায় ছিলাম, তাই আমরা খুশি।’
অবশ্য সেল্তার বিপক্ষে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সে হতাশ বার্সা কোচ, ‘আমাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করেছে প্রথমার্ধের দাপট এবং তৈরি করা সুযোগগুলো। আপনি যদি কোনও গোল হজম না করেন, সেটাই হবে জয়ের সবচেয়ে সহজ রাস্তা। কিন্তু এটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য গোলমুখে বিপদ তৈরি করা।’
এই বছর ভালভারদের দল প্রতিপক্ষের রক্ষণে শুধু বিপদই তৈরি করেনি, গোলও করেছে অনেক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতা তারা, লিগে তারা ১০২ বার বল জড়িয়েছে। গোল ডটকম







