২০১৮ সালের ব্যালন ডি’অর জিতেছেন লুকা মদরিচ। রিয়াল মাদ্রিদ ও ক্রোয়েশিয়ার জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন এই মিডফিল্ডার। তবে লুইস ফিগো বিশ্বাস করেন, এই পুরস্কারটির দাবিদার সের্হিয়ো রামোসও।
রাশিয়া বিশ্বকাপের ফাইনাল খেলেছে ক্রোয়েশিয়া। তাদের রূপকথার পথচলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মদরিচ। ফুটবল মহাযজ্ঞের আগে এই মিডফিল্ডার জিতে গিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা। রিয়াল মাদ্রিদের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রামোসেরও। স্প্যানিশ ডিফেন্ডারই টানা তিনবার অধিনায়ক হিসেবে হাতে তুলেছেন ইউরোপসেরার ট্রফি। যদিও বিশ্বকাপে স্পেনের বাজে পারফরম্যান্সের সাক্ষীও হতে হয়েছিল তাকে। এরপরও রামোসকে ব্যালন ডি’অরের দাবিদার মানছেন ফিগো।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’য় দেওয়া সাক্ষাৎকারে ফিগো বলেছেন, “এটা পরিষ্কার, সের্হিয়ো রামোস ব্যালন ডি’অরের দাবিদার। একজন ডিফেন্ডারের অবস্থা গোলরক্ষকের মতো, তাই এই পুরস্কারটি জেতা খুব কঠিন। যদিও (ফাবিও) কানাভারো (ব্যালন ডি’অর) এটা জিততে পেরেছিল।”
একই সঙ্গে ফিগো এটাও জানিয়ে রাখলেন, ‘এটা আসলে নির্ভর করছে পরিস্থিতির ওপর, বছরটা কেমন যায় তার ওপর। তবে গুণমানের দিকে নজর রাখলে নিশ্চিত করে বলাই যায়, রামোসের পুরস্কারটি জেতা উচিত।’ মার্কা







