লিভারপুলের বিপক্ষে হেরে লজ্জার সাগরে ডুবেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার ধাক্কা কাটিয়ে ওঠা সহজ হবে না কাতালান ক্লাবটির। কঠিন এই পরিস্থিতিতে ভক্তদের কাছ থেকে সমর্থন চাইছেন দলটির জার্মান গোলরক্ষক মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেন।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ ৩-০ গোলে জিতলেও ফিরতি লেগে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। বিশ্বসেরা সব খেলোয়াড়দের নিয়ে গড়া দলের বেহাল দশায় গোটা ফুটবল দুনিয়ায় তাদের নিয়ে সমালোচনা ঝড় বইছে। খেলোয়াড়রা এখনও অ্যানফিল্ডের হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি।
এই পরিস্থিতিতে ভক্তদের পাশে চাইছেন টের স্টেগেন। অ্যানফিল্ড লজ্জার পর প্রথমবার সামনে এসেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের হারের ক্ষত পুরোপুরি না সারলেও ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচ ও কোপা দেল রে ফাইনালের জন্য প্রস্তুত হচ্ছেন এখন জার্মান গোলরক্ষক।
নিজের ইনস্টাগ্রামে টের স্টেগেন লিখেছেন, ‘দেরি করে মেসেজ দেওয়ার জন্য দুঃখিত। গত ম্যাচে যা ঘটেছে, সেটা বুঝে উঠতে আমার মনটা পরিষ্কার করতে হয়েছে। আমি এখনও এটার মধ্যে আছি। ম্যাচ শেষে অনেক বার্তা পেয়েছি, সেজন্য ধন্যবাদ।’
ভক্তদের কাছ থেকে এখন শুধু সমর্থন চান এই গোলরক্ষক, ‘আপনাদের সমর্থন আমাদের মাথা উঁচুতে রাখবে, আর এটাই এই মুহূর্তে আমাদের দরকার। মৌসুম এখনও শেষ হয়ে যায়নি, আমাদের আরেকটি শিরোপা বাকি আছে, লড়াই করতে হবে কোপা দেল রের জন্য।’
পোস্টের পরের অংশে টের স্টেগেন লিখেছেন, ‘একসঙ্গে থাকলেই কেবল আমরা এই মিশন শেষ করতে পারব। রবিবার ন্যু ক্যাম্পে এবারের মৌসুমের শেষ ম্যাচ। (ন্যু ক্যাম্পে) আপনাকে দেখার অপেক্ষার আছি।’
লা লিগায় বার্সেলোনার বাকি দুই ম্যাচ। আগেই লিগ শিরোপা নিশ্চিত করা কাতালানরা রবিবার ঘরের মাঠে মুখোমুখি হবে গেতাফের। পরের সপ্তাহে শেষ ম্যাচে আতিথ্য নেবে এইবারের মাঠে। আর ২৫ মে কোপা দেল রে ফাইনালে খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। মার্কা







