ব্যক্তিগত ও দলীয় অর্জনের তালিকা বেশ লম্বা হলেও জিয়ানলুইজি বুফন কখনও হাতে নিতে পারেননি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। তিনবার ফাইনাল খেলেও অপ্রাপ্তি নিয়ে মাঠ ছেড়েছেন লিজেন্ডারি এই গোলরক্ষক। তবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট না জেতায় ‘জীবনকে ধন্যবাদ’ জানিয়েছেন জুভেন্টাসের অভিজ্ঞ গোলকিপার।
শনিবার স্পালের বিপক্ষে জুভেন্টাসের জার্সিতে রেকর্ড ৯০৩তম ম্যাচ খেলেছেন বুফন, পাওলো মালদিনিকে টপকে এখন ক্লাবের সর্বাধিক ম্যাচ খেলার কৃতিত্ব তার। এই কীর্তির পর ৪১ বছর বয়সী গোলকিপারের উপলব্ধি, চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা তাকে এতদিন ধরে ফুটবল খেলতে অনুপ্রাণিত করে গেছে।
এই ইতালিয়ান গোলকিপার জুভের সঙ্গে ৯টি সিরি ‘এ’ জিতেছেন। ইতালিয়ান কাপের স্বাদ নিয়েছেন পাঁচবার, যার একটি সাবেক ক্লাব পার্মার সঙ্গে। ইতালির বাইরে প্রথমবার কোনও ক্লাবে যোগ দিয়ে গত মৌসুমে পিএসজির সঙ্গে জিতেছেন একটি লিগ ওয়ান শিরোপা। ইতালিকে ২০০৬ সালের বিশ্বকাপ জেতাতেও দারুণ অবদান ছিল তার। কিন্তু ইউরোপের সবচেয়ে মর্যাদার ট্রফি হাতে নেওয়া হয়নি তার। ২০০৩, ২০১৫ ও ২০১৭ সালের ফাইনালে হার বেশ হতাশ করেছিল তাকে, তারপরও একে ইতিবাচক হিসেবে দেখছেন বুফন।
তিনি বলেছেন, ‘এটা আমার জন্য বিরাট প্রেরণার। এখনও জিততে (চ্যাম্পিয়নস লিগ) না দেওয়ায় জীবনকে ধন্যবাদ দেই আমি, নয়তো আমি নিজেকে প্রশ্ন করতাম কেন এখনও খেলতে হবে! এখনও খেলে যাওয়া দারুণ। অন্তত একটি ইউরোপিয়ান ম্যাচ খেলতে হবে, এমন কোনও চুক্তি হয়নি। এটা কোনও অপেশাদার ক্লাব নয়, কোচ যখন ডাকবে তখন আমি খেলবো।’







