শুক্রবার প্রীতি ফুটবলে মুখোমুখি হয়েছিল মানিকগঞ্জ জেলা কারাগার ও কাশিমপুর কারাগার। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামের ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রতে।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুতে এগিয়ে গিয়েছিল কাশিমপুর কারাগার। আল-আমিন হোসেনের লক্ষ্যভেদে লিড নেয় তারা। ওই গোলই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল কাশিমপুর কারাগারকে। কিন্তু তাদের স্বপ্ন ভেঙে খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে রতন মিয়ায় গোলে সমতায় ফেরে মানিকগঞ্জ কারাগার।
মানিকগঞ্জ জেলা কারাগারের অধিনায়ক একেএম মাসুদ দলের পক্ষে ট্রফি গ্রহণ করেন। অন্যদিকে কাশিমপুর কারাগারের হয়ে ট্রফি নেন অধিনায়ক ডেপুটি জেলার আফজাল হোসেন। ম্যাচসেরা হয়েছেন কাশিমপুর কারাগার দলের আল-আমিন।
এই প্রীতি ম্যাচের প্রধান অতিথি সাবেক জেলা সুপার বীর মুক্তিযোদ্ধা মো. হেলাল উদ্দিন পুরস্কার তুলে দেন খেলোয়াড়দের হাতে। পুরস্কার বিতরণী মঞ্চে আরও ছিলেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহ আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, সাংবাদিক মতিউর রহমান ও আব্দুল মোমিন।








