কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের কৃত্রিম টার্ফকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত বছর নভেম্বরে টার্ফ স্থাপনের কাজ শুরু হয়েছিল। এক বছরের বেশি সময় পর টার্ফ স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হলো।
এই লক্ষ্যেই গত ২৭ নভেম্বর কমলাপুর স্টেডিয়ামে স্থাপিত টার্ফ পর্যবেক্ষণ করে গেছেন ফিফার অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। ফিফা প্রতিনিধি দল বাফুফেকে নিজেদের মতামত ব্যক্ত করেননি। তবে ফিফা পরের দিন ২৮ নভেম্বর বাফুফেকে জানিয়ে দিয়েছে টার্ফ স্থাপন প্রক্রিয়া সঠিক হয়েছে। বাফুফে চাইলে খেলা শুরু করতে পারে।
এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ কমলাপুর স্টেডিয়ামের টার্ফের উদ্বোধন সম্পর্কে বলেন,‘ ফিফার কাছ থেকে আমরা চূড়ান্ত স্বীকৃতি পেয়েছি। এখন যে কোনও মুহূর্তে আমরা মাঠ ব্যবহার করতে পারি। শনিবার বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে, কীভাবে টার্ফ উদ্বোধন হবে।’
প্রায় ছয় কোটি টাকার মূল্যের এই টার্ফের রক্ষণাবেক্ষণ সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘বয়স ভিত্তিক পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচ, মহিলা ফুটবল, ঘরোয়া লিগ কমলাপুর টার্ফে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে উভয়ের সমন্বয়ে টার্ফ রক্ষণাবেক্ষণ করা হবে।’
আমলতান্ত্রিক জটিলতার কারণে টার্ফ বুঝে পেতে ৬ মাস দেরি হয়েছে বাফুফের। বন্দরে মাল পড়ে থাকায় এর জরিমানা প্রায় ৫০ লাখ টাকা দিতে হয়েছে ফুটবল ফেডারেশনকে।
উল্লেখ্য, ফিফার অর্থায়নে ( গোল প্রজেক্টে) বাফুফে ভবন, ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফ, বাফুফে একাডেমি ও কমলাপুর স্টেডিয়ামে টার্ফ স্থাপিত হলো।
/আরএম/এফআইআর/







