ফেডারেশন কাপের শুরুর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে হেরেছিল পুলিশ এফসি। তবে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে নবাগতরা। আধিপত্য দেখিয়ে ৩-১ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়াসংঘকে। আমেরিকার রিভেরা সিডনি অ্যাডামের জোড়া গোলে আসা এই জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে একটু এগিয়ে গেল পুলিশ। গ্রুপে আবাহনী ও আরামবাগের মধ্যকার শেষ ম্যাচে নির্ধারণ হবে শেষ আটে কোন দুই দল যাবে। তবে আবাহনীর সঙ্গে সেই লক্ষ্যে পুলিশকেই অগ্রগামী ধরা যায়। পুলিশকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া আবাহনীকে গ্রুপের শেষ ম্যাচে হারিয়ে দেওয়াটা আরামবাগের জন্য নিশ্চয়ই সহজ হবে না।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ম্যাচের প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল পুলিশ। রক্ষণাত্মক কৌশলে খেলেও আরামবাগ নিজেদের জাল অক্ষত রাখতে পারেনি। ৯ ও ১৭ মিনিটে পুলিশের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। কিন্তু ৩২ মিনিটে ঠিকই প্রথম গোল পেয়ে যায় তারা। কিরগিজ মিডফিল্ডার আরতুর মুলাতজানভের কর্নার থেকে আমেরিকার রিভেরা সিডনি অ্যাডাম টোকা দিয়ে লক্ষ্যভেদ করেন।
এক গোলে পিছিয়ে থেকে আরামবাগ বিরতির পর রক্ষণাত্মক খোলস থেকে বেরিয়ে আসে। তবে বলার মতো আক্রমণ তখনও কেউ করতে পারেনি। রোমাঞ্চ ছড়িয়েছে শেষ সাত মিনিটে। এই সময়ে গোল হয়েছে তিনটি। ৮৩ মিনিটে ইশা ফয়সালের ক্রসে আইদার মামবেতালিয়েভ বুক দিয়ে বল নামিয়ে দেন,সামনে বল পেয়ে রিভেরা টোকায় ব্যবধান বাড়িয়ে দেন ২-০।
৮৯ মিনিটে ব্যবধান কমায় আরামবাগ । জাকির হোসেন জিকুর শট প্রতিপক্ষের মাবেতালিয়েভের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। যোগ হওয়া সময়ে মোহাম্মদ স্বাধীন আলতো টোকায় গোল করে পুলিশের জয় সুনিশ্চিত করেন।







