২০১৯ সালের শেষ লগ্ন, হাতছানি দিয়ে ডাকছে নতুন বছর। ২০২০ সালের আগমনী বার্তায় পাওয়া-না পাওয়ার হিসাব মেলাচ্ছেন অনেকেই। ফুটবলেও প্রাপ্তির আনন্দ যেমন আছে, তেমনি আছে ব্যর্থতার হতাশা। সেই হিসাব মেলাতে বসে রবার্ত লেভানদভস্কির মন আনন্দে ভরে যাওয়ারই কথা। দুর্দান্ত এক বছর পার করেছেন তিনি। গোল সংখ্যায় ২০১৯ সালে তিনি ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও!
বিদায় নিতে যাওয়া বছরে সর্বোচ্চ গোলদাতা পোলিশ স্ট্রাইকার। জাতীয় দল পোল্যান্ড ও ক্লাব বায়ার্ন মিউনিখের জার্সিতে ২০১৯ সালে লেভানদভস্কি ৫৮ ম্যাচে করেছেন ৫৪ গোল। ভেঙেছেন গত এক দশক ধরে চলা মেসি-রোনালদোর সাম্রাজ্য। এ মাসেই ষষ্ঠ ব্যালন ডি’অর জেতা মেসিকে হারিয়ে হয়েছেন বছরের সর্বোচ্চ গোলদাতা।
২০০৯ সালে ভলফসবুর্গের জার্সিতে এডেন জেকো সর্বোচ্চ গোলদাতা হয়ে বছর শেষ করার পর থেকে ছিল মেসি-রোনালদোর দাপট। তাদের বৃত্ত ভেঙে ২০১৭ সালে হ্যারি কেন করেছিলেন সবচেয়ে বেশি গোল। গত বছর আবার শীর্ষে ফেরেন মেসি। এবার ২০১৯ সালে আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলেছেন লেভানদভস্কি।
২০১৯ সালে ব্যালন ডি’অর জিতেছেন, স্বীকৃত বিশ্বসেরা ফুটবলার, কিন্তু গোলের সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে মেসিকে। ১ জানুয়ারি থেকে মেসি আর্জেন্টিনা ও বার্সেলোনার জার্সিতে ৫৮ ম্যাচে করেছেন ৫০ গোল। অবশ্য কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকায় আলবিসেলেস্তেদের হয়ে খেলতে পারেননি চার ম্যাচ।
গোলসংখ্যায় তৃতীয় স্থানে কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জাতীয় দল ফ্রান্স ও ক্লাব প্যারিস সেন্ত জার্মেইয়ের হয়ে ৪৯ ম্যাচে লক্ষ্যভেদ করেছেন ৪৯বার। ম্যানসিটি ও ইংল্যান্ডের জার্সিতে ৪১ গোল করে চতুর্থ স্থানে রাহিম স্টার্লিং। এর সঙ্গে তিনি আরও গোল যোগ করতে পারেন বছর শেষের আগে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ বাকি থাকায়।







