বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ২৬ মার্চ আফগানিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। ম্যাচটি হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সেদিন এই মাঠে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকায় ভেন্যু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন বিকল্প ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে বাছাই করেছে বাফুফে।
এরই মধ্যে নতুন ভেন্যুর বিষয়ে ফিফা ও এএফসিকে জানিয়েছে বাফুফে। তারা প্রাথমিকভাবে সম্মতি দিয়েছে বলেই জানিয়েছেন বাফুফের সম্পাদক আবু নাইম সোহাগ। আজ (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৬ মার্চ আমরা বরাদ্দ পাচ্ছি না। সেদিন রাষ্ট্রীয় অনুষ্ঠান রয়েছে। আমরা বিকল্প হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে রেখেছি। সেখানেই হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি। ভেন্যু দেখতে ফিফা-এএফসির কর্মকর্তারা সিলেটে যেতে পারেন।’
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে বিশেষ অনুষ্ঠান। শিশু-কিশোর ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাভাবিকভাবেই ওইদিন আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ করা সম্ভব নয় সেখানে। তাই বাফুফে বিকল্প ভেন্যু নির্বাচন করেছে সিলেট।
আফগান ম্যাচ সামনে রেখে কোচ জেমি ডে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসবেন। দল নির্বাচনের আগে লিগের খেলা দেখবেন ইংলিশ কোচ। আগামী ১৫ মার্চ থেকে জাতীয় দলের অনুশীলন শুরুর কথা রয়েছে।







