বাংলাদেশে শীতের প্রকোপ কমে এসেছে কিছুটা। মালদ্বীপে অবশ্য এখন ভালোই গরম, ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তার সঙ্গে আছে আর্দ্রতা। মালদ্বীপের আবহাওয়া নিয়ে তাই বেশ দুশ্চিন্তায় ঢাকা আবাহনী। এএফসি কাপ প্রাথমিক পর্বের ফিরতি লেগ খেলতে রবিবার বিকেল ৪টায় মালের পথে রওনা হয়েছে দেশের জনপ্রিয় দলটি।
ঢাকায় ২-২ গোলে ড্র করায় আবাহনী বেশ চাপের মধ্যে। ১২ ফেব্রুয়ারি মালের মাঠে জিততেই হবে। ১-১ গোলে ড্র হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে মাজিয়া ক্লাব চলে যাবে পরের পর্বে।
ম্যাচের কথা পরে, আপাতত মালদ্বীপের আবহাওয়া দুর্ভাবনায় রেখেছে আবাহনীকে। ঢাকা ছাড়ার আগে দলটির ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু বলেছেন, ‘আমরা আগেও মালেতে খেলেছি। তখন গরম আর আর্দ্রতায় বেশ কষ্ট হয়েছিল। এবারও আবহাওয়া তেমন থাকলে খেলতে সমস্যা হতে পারে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আমরা আগেই যাচ্ছি। আশা করি ছেলেরা মানিয়ে নিতে পারবে।’
আরেকটি সমস্যা করোনা ভাইরাস। মিডফিল্ডার মামুনুল ইসলাম জানিয়েছেন, ‘করোনা ভাইরাসের কারণে আমাদের মাস্ক পড়ে থাকতে হবে। ঢাকা বিমানবন্দর থেকে মালে পর্যন্ত মাস্ক পড়ে থাকবো আমরা। তবে যা-ই হোক, মালে থেকে জয় নিয়ে ফিরতে চাই।’
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমোসও জয় ছাড়া কিছু ভাবছেন না, ‘ছেলেরা নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব। আমাদের জিততেই হবে, আর সেই লক্ষ্য নিয়েই যাচ্ছি।’







