সান সিরোতে গিয়ে ইন্টার মিলানকে হারালো নাপোলি। গতকাল বুধবার ইতালিয়ান কাপ সেমিফাইনালের প্রথম লেগ তারা জিতলো ১-০ গোলে।
গত রবিবার নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের বিপক্ষে লিগ ডার্বিতে ৪-২ গোলে ঘুরে দাঁড়ানো জয়ে ক্লান্তির ছাপ ছিল ইন্টারে। তাতে প্রথমার্ধে মাঝমাঠ শাসন করে নাপোলি।
১৬ মিনিটে দ্রিয়েস মের্টেন্সের প্রথম নেওয়া শট বারের ওপর দিয়ে যায়। বিরতির কিছু আগে পিওতর জিয়েলিনস্কিকে রুখে দেন ইন্টার গোলকিপার দানিয়েল পাদেয়ি।
কিন্তু ডিবক্স থেকে ফ্যাবিয়ান রুইজের বাঁ পায়ের ভাসানো শট বাঁক খেয়ে জালে জড়ায়। ঠেকানোর চেষ্টা করারও সুযোগ পাননি ইন্টার কিপার। রাইট ব্যাক জিওভান্নি দি লরেঞ্জোর সঙ্গে ওয়ান-টু পাসে ৫৭ মিনিটে গোল করেন রুইজ।
সমতা ফেরাতে মরিয়া ইন্টার শেষ দিকে প্রায় সব খেলোয়াড়দের ওপরে নিয়ে যায়। কিন্তু নাপোলি তাদের আটকে রাখে। ৫ মার্চ ফিরতি লেগে আত্মবিশ্বাস নিয়ে ইন্টারকে স্বাগত জানাবে নাপোলি।
আজ বৃহস্পতিবার আরেক সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলান নিজ মাঠে জুভেন্টাসের মুখোমুখি হবে, ফিরতি লেগ ৪ মার্চ।







