লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের সত্যতা মিলেছে। কাতালান ক্লাবটি থেকে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি। দলের সেরা খেলোয়াড়কে আটকাতে সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ নাকি আজই (বুধবার) দেখা করবেন তার সঙ্গে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে তিনি বোঝানোর চেষ্টা করবেন, সামনের মৌসুমের দলটা তাকে কেন্দ্র করেই গঠন করা হচ্ছে। বার্সেলোনার নতুন স্পোর্টিং ডিরেক্টর রামোন প্লানেসও জানালেন এই কথা।
বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর বদলের সুর বার্সেলোনায়। কিকে সেতিয়েনকে ছাঁটাই করে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে রোনাল্ড কোম্যানকে। এরিক আবিদালকে সরিয়ে স্পোর্টিং ডিরেক্টরের পদে বসানো হয়েছে প্লানেসকে। সেই তিনিই জানিয়েছেন, মেসিকে কেন্দ্র করেই দল পুনর্গঠনের কাজ করছেন তারা।
গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা কিনেছে পর্তুগিজ ফরোয়ার্ড ফ্রান্সিস্কো ত্রিনকাওকে। ২০ বছর বয়সী তরুণের আনুষ্ঠানিক পরিচয়ের সংবাদ সম্মেলনের প্রায় পুরোটায় জুড়ে থাকলো মেসি-প্রসঙ্গ। সেখানেই প্লানেসের কথায় স্পষ্ট বার্সেলোনা ছাড়তে চিঠি পাঠিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, ‘মেসি সম্পর্কে এটা গুরুত্বপূর্ণ একটা খবর। তবে আমরা যেটা অনুভব করি এবং অনেকবার বলেছি, আমরা মেসিকে বার্সেলোনার খেলোয়াড় হিসেবে চিন্তা করি সবসময়।’
আর এই মেসিকে কেন্দ্র করেই নতুন শুরুর অপেক্ষায় বার্সায় নতুন স্পোর্টিং ডিরেক্টর, ‘ইতিহাস প্রমাণ দেয়, বার্সা অনেকবার নতুন করে গড়া হয়েছে এবং প্রত্যেকবারই ঘুরে দাঁড়িয়েছে শক্তিশালী হয়ে। এবার আমরা সেটি করব বিশ্বের সেরা খেলোয়াড়কে কেন্দ্র করে।’
কাতালুনিয়া রেডিওর খবর, মেসিকে ন্যু ক্যাম্পে রাখতে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বার্তোমেউ। প্লানেস সেই প্রসঙ্গে না গেলেও আশা করছেন, দ্রুতই আসবে সমাধান, ‘মেসি কী এবং তার ইতিহাস কী, সেটা মাথায় রেখে সবার তার প্রতি সম্মান দেখানো উচিত। আমরা কখনোই তার চুক্তির ক্লজ নিয়ে ভাবছি না। মেসি ও বার্সা মিলে অনেক কিছু দিয়েছে ভক্তদের। আমরা এখন মেসিকে সন্তুষ্ট করার চেষ্টা করছি। ভালো একটি সমাধান খুঁজছি যাতে বার্সা ও মেসি দুই পক্ষের জন্যই ভালো হয়।’
বোর্ডের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই নাকি মেসির বার্সা ছাড়ার সিদ্ধান্ত। যদিও প্লানেসের বলছেন, ‘মেসি ও বার্সেলোনার কোনও বিভেদ নেই। না এটা কোনোভাবে হতে পারে।’ আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে তাদের ভাবনা স্পষ্ট, ‘আমরা জয়ী বার্সেলোনা পুনর্গঠনে কাজ করছি। আবারও বলছি বার্সেলোনার নতুন করে গড়ার পথে মেসিই ভবিষ্যৎ।’
মেসি ও ক্লাবের বর্তমান পরিস্থিতি নিয়ে খুব বেশি ভাবছেন না বার্সেলোনা কর্তা। বুরোফ্যাক্সের মাধ্যমে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী চলে যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেও তিনি ‘শান্ত’ আছেন বলেই বোঝানোর চেষ্টা করলেন সংবাদ সম্মেলনে। কারণ তার যুক্তি, ‘এখনও আমাদের জানানো হয়নি মেসি সামনের সপ্তাহের অনুশীলনে যোগ দেবে না।’






