আজ (সোমবার) বাফুফে ভবনে দিনভর ছিল উত্তেজনা। সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন পদে মনোনয়নপত্র তুলেছেন। শেষ দিনে দুই সাবেক ফুটবলার বাদল রায় ও শফিকুল ইসলাম মানিক সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দেওয়ার পর দৃশ্যপটে চলে আসেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ও তার অনুসারীরা। অতঃপর কাজী নাবিল আহমেদ-সালাম মুর্শেদীদের নিয়ে আবারও নির্বাচনের ঘোষণা বর্তমান সভাপতির।
সম্মিলিত পরিষদের ব্যানারে নির্বাচনের ঘোষণা দিয়ে দুপুরের পরই তারা ২১টি পদে মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্যে একাধিক পদে আছে নতুন প্রার্থী।
টানা তিনবারের সভাপতি কাজী সালাউদ্দিন চেয়ার ধরে রাখতে আবারও লড়াইয়ে নেমেছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন সালাম মুর্শেদী। অন্যদিকে টানা তিনবারের সহ-সভাপতি ও আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদও একই পদে নির্বাচন করতে যাচ্ছেন।
সহ-সভাপতির বাকি তিনটি পদে প্রথমবারের মতো মনোনয়নপত্র তুলেছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, তমা কনস্ট্রাকশনের কর্ণধার আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তা আমিরুল ইসলাম বাবু।
সদস্য পদেও আছে কিছু পরিবর্তন। ১৫টি পদে এই প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন- হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, মাহফুজা আক্তার কিরণ, সত্যজিত দাশ রুপু, ইলিয়াস হোসেন, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, মাহিউদ্দিন আহমেদ সেলিম, জাকির হোসেন চৌধুরী, সৈয়দ রিয়াজুল করিম, কামরুল ইসলাম হিলটন, ইমতিয়াজ হামিদ সবুজ, আসাদুজ্জামান মিঠু ও নুরুল ইসলাম নুরু।
এর মধ্যে শেষের পাঁচজন প্রথমবারের মতো বাফুফের নির্বাহী কমিটিতে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করতে যাচ্ছেন।
আগামীকাল (মঙ্গলবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।







