গত মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। অনেক জলঘোলার পর লিওনেল মেসি থেকে গেছেন ন্যু ক্যাম্পে। কিন্তু চলতি মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়ার পর তাকে আর বার্সেলোনার জার্সিতে দেখা যাবে কিনা, এ নিয়ে বিস্তর আলোচনা। সত্যিই কি আশৈশবের ক্লাব ছেড়ে যাবেন আর্জেন্টাইন সুপারস্টার? অনেক গুঞ্জন থাকলেও মেসি নিজে আসলে কী চান, সেটিই প্রকাশ পেয়েছে এক সাক্ষাৎকারে। যেখানে বার্সেলোনা অধিনায়ক সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রাখলেন ফুটবল বিশ্বকে।
বড়দিনের আগে স্প্যানিশ টিভি লা সেক্সতায় সাক্ষাৎকার দিয়েছেন মেসি। স্বাভাবিকভাবেই সেখানে তার বার্সেলোনার ছাড়ার প্রসঙ্গ উঠেছিল। ছয়বারের ব্যালন ডি’অর জয়ী স্পষ্ট কিছু বলেননি। ন্যু ক্যাম্পে ছাড়বেন কিনা, এ ব্যাপারে মৌসুম শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা শুনিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর বুরোফাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার অনুরোধ জানিয়েছিলেন মেসি। যদিও বার্সেলোনা তার অনুরোধে সাড়া দেয়নি। অনেক আলোচনার পর গোল ডটকমে দেওয়া সাক্ষাৎকারে ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
কিন্তু এ মৌসুমের পর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কী হবে? ফ্রি ট্রান্সফারে যে কোনও দল তাকে নিতে পারবে। মেসি অবশ্য আপাতত ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না। মৌসুম শেষেই নিতে চান সিদ্ধান্ত, ‘মৌসুম শেষ হওয়ার আগে আসলে আমি নিশ্চিত নই। মৌসুমের শেষ পর্যন্ত আমি অপেক্ষা করতে চাই। এখন আমার শিরোপা জেতা এবং অন্যান্য বিষয়ে নজর।’
তার ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত এবং মাঠ ও মাঠের বাইরে কঠিন সময় কাটানো বার্সেলোনা সেই সোনালি দিনে আর ফিরতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে মেসির, ‘সামনে যা আছে, সবকিছুর জন্য লড়াই করতে চাই। ক্লাব খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্লাবের চারপাশের সবকিছুই জটিল অবস্থায়। ক্লাব সত্যিই খুব বাজে পরিস্থিতিতে আছে, এটা সত্যিই খারাপ। আমরা যেখানে ছিলাম, সেখানে ফিরে যাওয়াটা সত্যিই কঠিন।’






