এসপানিওলের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণ শিকার হয়েছেন বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার। এমনটি অভিযোগ করেছেন তার সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। এছাড়া এসপানিওল সমর্থকেরা লিওনেল মেসিকে নিয়েও উপহাস করেছে। এমনকি বার্সা কোচ লুইস এনরিকেকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েনি তারা। ওই ম্যাচে এসপানিওলের সঙ্গে গোলশূন্য ড্র করে বার্সা।
খেলার পর ইনিয়েস্তা সাংবাদিকদের বলেন, আমি প্রথমার্ধে এক সমর্থকের কাছ থেকে নেইমারকে উদ্দেশ্য করে বর্ণবাদী গান গাইতে শুনেছি।
ম্যাচের সময়ই বার্সেলোনার সাবেক সহ সভাপতি টনি ফ্রেইজা নিজের অ্যাকাউন্টে টুইট করেছেন। তিনি লিখেন, আশা করছি ম্যাচে যা ঘটেছে রেফারি হোসে লুই গঞ্জালেস তা তার রিপোর্টে উল্লেখ করবেন। আমার বিশ্বাস নেইমারের দিকে গাওয়া বর্ণবাদী গানের কথা ম্যাচ রিপোর্টে তিনি উল্লেখ্য করবেন।
নেইমারের প্রতি বর্ণবাদী মন্তব্য ছুঁড়ে দেওয়া কিংবা ব্যক্তিগতভাবে মেসিকে আক্রমণের বিষয়টি সর্বপ্রথম জনসম্মুখে নিয়ে আসেন লা লিগার জনপ্রিয়া ব্লগ লেখক রাফায়েল হার্নান্দেজ। তিনি এসপানিওল সমর্থকদের এ ধরনের আচরণের কঠোর সমালোচনা করেছেন।
বার্সা ডিফেন্ডার পিকে বলেন, বর্ণবাদী গানের বিষয়ে আমার কানে কিছু আসেনি। তবে যদি তা ঘটে থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে হবে, সঠিক ব্যবস্থা নিতে হবে। ম্যাচ ঘিরে বিতর্ক আছে আরও। এসপানিওল সমর্থকেরা কোচ লুইস এনরিক ও লিওনেল মেসিকেও উত্যক্ত করেছে।
ম্যাচ শেষে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে কোচ এনরিক বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আমি শুধু মাঠের খেলায় আগ্রহী। আমি কিছু বললেও সমালোচনা হবে, না বললেও সমালোচনা হবে।
/এমআর/







