আগের ম্যাচে ক্যামেরুনের বেকামেংগার গোলে পুলিশ এফসিকে হারিয়েছিল মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ। কিন্তু এই জয়ের ধারা ধরে রাখতে পারলো না লাল জার্সিধারীরা। প্রিমিয়ার লিগে এ দিন ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মুক্তিযোদ্ধা।
ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ায় মুক্তিযোদ্ধার চেয়ে একটু বেশি লাভবান হয়েছে ব্রাদার্স। এমনিতে তারা পয়েন্ট তালিকায় আছে তলানিতে। ড্র করে অন্তত একটি পয়েন্ট তাদের ঝুলিতে যোগ হয়েছে। ৯ খেলাতে ২ পয়েন্ট নিয়ে ১৩ দলের লিগে তাদের অবস্থান ১২তম। বিপরীতে মুক্তিযোদ্ধা সমান ম্যাচে দ্বিতীয় ড্রতে ৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে।
বলতে গেলে দুই দলের ম্যাচটিতে আক্রমণে কোনও ধার ছিল না। গোছানো আক্রমণে গোল বের করে নিয়ে আসতে হবে, তেমন প্রচেষ্টা হয়েছে কমই। মনে হচ্ছিল এক পয়েন্ট নিতে পারলেই যেন দুই দলের জন্য সেটি স্বস্তির!
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবশ্য মুক্তিযোদ্ধা দু-একটি আক্রমণ করে প্রতিপক্ষ ডিফেন্ডারদের পরীক্ষায় ফেলেছিল। তার পরেও কোনও গোল পায়নি। ম্যাচের ১৪ মিনিটে মুক্তিযোদ্ধা বলার মতো প্রথম সুযোগ পায়। আকবর আলী খোলদারোভ বক্সে ঢুকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয় শেষ পর্যন্ত।
৪০ মিনিটে আকবর আলীর দুর্বল হেড জমে যায় গোলকিপারের হাতে। বিরতির পর ৬২ মিনিটে কর্নার থেকে ইউসুকে কাতোর হেড ক্রস বারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। ইনজুরি সময়ে কাতোর আরও একটি প্রচেষ্টা গোলকিপার তিতুমীর ঝাপিয়ে পড়ে রুখে দেন। এটিই ছিল সবচেয়ে ভালো সুযোগ।
ব্রাদার্সের যোশেফ নূর সহ অন্যরা প্রতিপক্ষের সীমানায় গেলেও তাদের গোলকিপারকে বড় পরীক্ষায় ফেলতে পারেননি।
আগামীকালের খেলা
রহমতগঞ্জ: চট্টগ্রাম আবাহনী বিকাল ৪ টা
ভেন্যু: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।








