আগামী নভেম্বরে বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্তের সূচনা করবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা বাংলাদেশ সুপার লিগ (বিএসএল)। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিএসএলের আয়োজনে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাইফ পাওয়ারটেক।
চুক্তিতে আগামী ১৫ বছরের জন্য বিএসএলের স্বত্ব ৩৫ কোটি টাকায় সাইফ পাওয়ারটেকেরে কাছে হস্তান্তর করেছে বাফুফে।
৬ থেকে ৮ টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে দেশের পাঁচ বা ছয়টি ভেন্যুতে চলবে বিএসএল। পুরো কাঠামোটি কী হবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে এ ব্যাপারে কাজ করছে আয়োজকরা। বিভাগভিত্তিক ফ্র্যাঞ্চাইজিগুলো বিক্রি করা হবে আনুষ্ঠানিকভাবে। পাঁচ থেকে ছয় জন বিদেশি খেলোয়াড় খেলতে পারবে প্রতিটি দলে। দেড় থেকে দুই মাসের মধ্যে শেষ হবে দেশের ফুটবলে নতুন দিন আনার প্রত্যাশার আয়োজনটি।
সমঝোতা চুক্তি অনুসারে সাইফ পাওয়ারটেক বছরে দুই কোটি টাকার কিছু বেশি বাফুফেকে দেবে। বিপণনের অন্যন্য দিকগুলোও দেখবে তারা।
সমঝোতা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মস্ত্রী তোফায়েল আহমেদ, ক্রীড়া প্রতি মন্ত্রী বীরেন শিকদার, ক্রীড়া উপ মন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল, বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাইফ পাওয়াটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
সালাম মুর্শেদী তার বক্তব্যে প্রতিটি বিভাগে শুধুমাত্র ফুটবলের জন্য স্টেডিয়ামের প্রয়োজনীয়তার ওপর গুরত্ব আরোপ করার কথা বলেন। তিনি বলেন, ‘বাফুফে বয়সভিত্তিক, মহিলা, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, প্রিমিয়ার লিগ ছাড়াও টুর্নামেন্ট আয়োজন করছে। এ আয়োজনের মাঝে যে সীমাবদ্ধতা আমাদের সবচেয়ে বেশি ভোগায় তা হলো মাঠের অভাবজনিত সমস্যা। আমরা সরকারের কাছে আরও ফুটবল মাঠ চাই।’
বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আাজকের অনুষ্ঠানের এ বার্তা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে পৌঁছানো হবে। আগামী বছরের বাজেটে যাতে ফুটবল উন্নয়নের খাতে কিছু বরাদ্দ থাকে সে ব্যাপারে আমি প্রধানমন্ত্রী ও অর্থ মন্ত্রীর কাছে আনুরোধ করবো। দেশের প্রধানমন্ত্রী যখন ক্রীড়া প্রেমী তখন ফুটবলের উন্নয়নে সহযোগিতা পাওয়া যাবে না এ কথা বিশ্বাস করতে আমি প্রস্তুত নই।’
তরফদার মোহাম্মদ রহুল আমিন বলেন, ‘ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ দেশকে নিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে। আমরা স্বপ্ন দেখি সর্বোচ্চ পর্যায়ে খেলার। সেজন্য এগিয়ে চলতে হবে। আনতে হবে আধুনিক ব্যবস্থাপনা। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ সে রকমই একটি উদ্যোগ। এটি সফল হলে বদলে যাবে দেশের ফুটবল দিগন্ত।’
এসময় বাফুফে সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও ক্রীড়া উপ মন্ত্রী আরিফ খান জয় বিএসএল-এ খুলনা ও ময়নসিংহ বিভাগের জন্য ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেন।
/আরএম/এফআইআর/







