মেসি-নেইমারদের টুর্নামেন্ট হচ্ছে না কলম্বিয়ায়

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২১, ১২:০৪আপডেট : ২১ মে ২০২১, ১২:০৪

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল কলম্বিয়া। তাতে কোপা আমেরিকার গায়ে লাগে শঙ্কার ছিটে। কয়েকদিনের ব্যাপক আলোচনার পর শেষ পর্যন্ত লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কলম্বিয়া থেকে সরিয়েই নেওয়া হলো। লিওনেল মেসি-নেইমারদের টুর্নামেন্ট হচ্ছে না সহ-আয়োজক দেশটিতে।

এবারের কোপা আমেরিকা যৌথভাবে আয়োজন করার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। করোনাভাইরাসের কারণে গত বছর করা যায়নি প্রতিযোগিতাটি। বছর ঘুরে যখন দরজায় কড়া নাড়ছে লাতিন ফুটবলের সবচেয়ে বড় আসর, ঠিক সেই মুহূর্তেই নতুন ঝামেলা। সহ-আয়োজক কলম্বিয়া জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ায় কাটা পড়েছে তাদের নাম। দেশটির ফুটবল ফেডারেশন বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোপা আমিরকা নভেম্বরে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল লাতিন ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের কাছে। কিন্তু কাজ হয়নি। কনমেবল জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার সুযোগ নেই।

এবারের কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ অংশ ছিল কলম্বিয়ায়। যার মধ্যে ছিল ১০ জুলাইয়ের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটি হওয়ার কথা ছিল বারানকিয়ার এস্তাদিও মেত্রোপোলিতানোয়। কিন্তু দেশটিতে সরকার ও সাধারণ জনগণের পাল্টাপাল্টি অবস্থানের কারণে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন নভেম্বর পর্যন্ত কোপা আমেরিকা স্থগিতের ঘোষণা দেয়। এরপর কনমেবল জানিয়ে দেয়, জুন-জুলাইয়ের কোপা আমেরিকা হচ্ছে না কলম্বিয়ায়।

কলম্বিয়ায় চলমান প্রতিবাদের ঝড় বইতে শুরু করে এপ্রিলের শেষ দিক থেকে। কলম্বিয়া সরকার ট্যাক্স ও স্বাস্থ্যসেবার নীতি সংস্কারের ঘোষণা দেওয়ার পর থেকে উত্তাল লাতিন দেশটি। টানা তিন সপ্তাহ ধরে আন্দোলনকারীরা প্রতিবাদ জানাচ্ছে রাজধানী বোগোতা, মেদেলিন, ও কালিতে- এই তিনটি শহরই কোপা আমেরিকার ভেন্যু। মানবাধিকার সংস্থাগুলো জানাচ্ছে, আন্দোলনকারী ও কর্তৃপক্ষের সংঘর্ষে মারা গেছেন ৪০ জনেরও বেশি।

কনমেবল এক বিবৃতিতে জানিয়েছে, কলম্বিয়া টুর্নামেন্টটি নভেম্বরে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু ফুটবলের ব্যস্ত সূচিতে কোনোভাবেই কোপা আমেরিকার সূচি পরিবর্তনের সুযোগ নেই। এখন লাতিন আমেরিকার প্রতিযোগিতাটি শুধু আজেন্টিনায়, নাকি নতুন সহ-আয়োজক যোগ করে হবে, সেটি আপাতত নিশ্চিত করতে পারেনি তারা। তবে আর্জেন্টিনার সঙ্গে যুক্ত হয়ে চিলি কিংবা প্যারাগুয়ের কোপা আমেরিকা আয়োজনের গুঞ্জন শোনা যাচ্ছে।

বর্তমান সূচি অনুযায়ী, আগামী ১১ জুন শুরু হয়ে ১০ জুলাইয়ের ফাইনাল দিয়ে পর্দা নামার কথা কোপা আমেরিকার। আমন্ত্রিত দল অস্ট্রেলিয়া ও কাতার নাম প্রত্যাহার করে নেওয়ায় লাতিন আমেরিকার ১০ দল নিয়ে হতে যাচ্ছে এবারের আসর।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের